শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, মিছিল, জমায়েত এবং পথ অবরোধের জেরে বাড়ছে উত্তেজনা। এই অশান্তির পিছনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের যোগ রয়েছে বলে দাবি বাংলাদেশের পুলিশের। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করে টহলদারিও জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের পুলিশ।
শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে আশঙ্কা বাংলাদেশের। তাঁদের কেউ কেউ গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে অশান্তি ছড়াতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক ও অস্ত্রের চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে নিয়মিত নজরদারি চালাচ্ছে বিএসএফ। সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ-কেও একাধিকবার সতর্ক করেছে ভারতীয় বাহিনী। সাম্প্রতিক পরিস্থিতিতে বিজিবিও সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
আরও পড়ুন: হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!
সংবাদপত্র প্রথম আলো অনুযায়ী, বাংলাদেশের পুলিশ প্রধান আইজিপি মোহাম্মদ আলি হোসেন ফকির সীমান্তবর্তী জেলাগুলির পুলিশকর্তাদের সঙ্গে আনলাইনে বৈঠক করেন। সেখানে সীমান্ত লাগোয়া ৩০টি জেলার পুলিশ আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সীমান্ত এলাকায় নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে যুক্ত দালালদের গতিবিধির উপরেও কড়া নজর রাখতে বলা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্রের চোলাচালান রোখার বিষয়টিতেও।
গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। একদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও জমায়েত সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ। পোশাকশ্রমিকদের আন্দোলনের পিছনেও হাসিনার দলের ইন্ধন রয়েছে বলে দাবি প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাহায্য করতে নামানো হচ্ছে আধাসেনা বাহিনীও। মঙ্গলবার গাজীপুর আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একই রাতে ঢাকার খিলগাঁও থানার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। বোমাটি থানার একটি হেল্প ডেস্কের টিনের চালের উপরে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি
এর আগে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মতো এলাকাতেও অশান্তির ঘটনা ঘটেছে। এই অঞ্চলগুলি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত সপ্তাহে সেখানে অস্ত্র হাতে মিছইল করেন আওয়ামী লীগে কর্মী-সমর্থকেরা। থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আগুনে পুড়ে যায় স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুজপুর থানার কাজ আপাতত অন্য থানা থেকে পরিচালনা করা হচ্ছে। কবে ওই দু’টি থানা ফের স্বাভাবিক ভাবে কাজ শুরু করবে, তা এখনও স্পষ্ট নয়।
শুধু আইশৃঙ্খলা নয়, অশান্তির প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থাতেও। গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রয়েছে। কবে ফের ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনও কোনও নিশ্চিত নয়। সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
দেখুন:




