• facebook
  • twitter
  • youtube
Wednesday, 25 November, 2026

সিএএ-তে ১ লক্ষ আবেদনের মধ্যে ৭৫ শতাংশ শুনানি সম্পূর্ণ উত্তর ২৪ পরগনায়

বাকি আবেদনগুলির শুনানি আগামী ২৮ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন

সিএএ-তে ১ লক্ষ আবেদনের মধ্যে ৭৫ শতাংশ শুনানি সম্পূর্ণ উত্তর ২৪ পরগনায়

প্রতিনিধিত্বমূলক চিত্র

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় জমা পড়া আবেদনের শুনানি দ্রুত শেষ করতে উদ্যোগী উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, জেলায় এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ৭৫ শতাংশ আবেদনের শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আবেদনগুলির শুনানি আগামী ২৮ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

রবিবার বাদে অন্যান্য সরকারি ছুটির দিন এবং শনিবারও জেলার সমস্ত মহকুমাশাসকের দপ্তরে শুনানি চলছে। এই কাজের দায়িত্বে রয়েছেন ৬ জন আইএএস এবং ২৩ জন ডব্লিউবিসিএস আধিকারিক। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত আবেদনের নিষ্পত্তি করে আবেদনকারীদের দ্রুত পরিষেবা দেওয়াই প্রশাসনের লক্ষ্য।

আরও পড়ুন: সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা জমি দিতে প্রস্তুত রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

প্ৰশাসন সূত্রে জানা গিয়েছে, শুনানির সময় কোনও আবেদনকারী প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে না পারলে তাঁর আবেদন বাতিল করা হচ্ছে না। সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন করে শুনানির দিন ঘোষণা করা হবে। এর ফলে নথিপত্রের সমস্যার কারণে কেউ যাতে শুনানি প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সেদিকেও নজর রাখা হচ্ছে।

প্রাথমিকভাবে সিএএ-র আবেদনকারীদের শুনানি মূলত বারাসতে জেলাশাসকের দপ্তরে হচ্ছিল। কিন্তু জেলার প্রত্যন্ত এলাকা থেকে বারাসতে পৌঁছতে গিয়ে অনেক আবেদনকারীকে সমস্যায় পড়তে হচ্ছিল। সেই ভোগান্তি কমাতেই ব্লক স্তরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি মহকুমাশাসকের দপ্তরে শুনানির ব্যবস্থা করেছে প্রশাসন। এর ফলে আবেদনকারীদের যাতায়াতের সমস্যা কমার পাশাপাশি শুনানি প্রক্রিয়াতেও গতি এসেছে বলে প্রশাসনের দাবি।

দেখুন: