• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ইরানের উপরে হামলা মার্কিন সেনাবাহিনীর

ইরানের বিভিন্ন জায়গায় সামরিক হামলা চালায় আমেরিকান সেন্ট্রাল কমান্ড (CENTCOM)।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ। এবার ইরানের উপরে হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার নিশানা করার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন জায়গায় সামরিক হামলা চালায় আমেরিকান সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম)।

আমেরিকান সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলা ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে করা হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘হরমুজ প্রণালীর উপরে টহল দেওয়ার সময় একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ তবে হেলিকপ্টারে থাকা দু’জন পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন।

সোমবার রাতে ওমান উপকূলে ইরানের বাহিনীই ওই হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেবে।’ এর কিছুক্ষণ পরেই ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের সংবাদমাধ্যম সূত্রের খবর, বান্দার আব্বাস, সিরিক, জাস্ক, মিনাব এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, মার্কিন যুদ্ধবিমান কিছু এলাকায় হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীও তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে সেই দেশের সশস্ত্র বাহিনী চুপ করে বসে থাকবে না। তিনি জানিয়েছেন, নিরাপদে থাকতে চাইলে এক্ষুণি বিদেশি সামরিক বাহিনী যেন তাদের অঞ্চল ত্যাগ করে।

এই পরিস্থিতি এমন সময়ে তৈরি হয়েছে, যখন ইরান ও ইজরায়েলের মধ্যে কয়েকদিন ধরেই হামলা পাল্টা হামলা চলছে। ইজরায়েলি সেনাবাহিনীর প্রধানও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আরও বড় সামরিক অভিযান চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন।