ফের ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা। লোহিত সাগরে (Red Sea) ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলার অভিযোগ উঠেছে। এমএসভি ফাইজ নুরে ওলিয়া-তে মিসাইল হামলার অভিযোগ উঠেছে। সেই সময় ওই জাহাজে ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১ জন বিদেশি ও ১৩ জন ভারতীয় নাবিক ছিলেন। মিসাইল হামলায় জাহাজ ডুবে যায়। তবে ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
জাহাজ চলাচল ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্স হ্যান্ডলে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সব ধরনের সাহায্য প্রদানের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের উপর এটা অযৌক্তিক ও নিন্দনীয় হামলা। তিনি ডিরেক্টর জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA)-কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) ভারতীয় জাহাজডে এরকম হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে। সেই সঙ্গে এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য ইয়েমেনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের কথায়, ‘১৩ জন ভারতীয় নাগরিককেই উদ্ধার করা হয়েছে। রিয়াদে আমাদের যে ভারতীয় দূতাবাস রয়েছে, তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
এর পাশাপাশি ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্যবস্ত করে হামলা চালানো অবশ্যই বন্ধ করতে হবে। সেই সঙ্গে আন্তজার্তিক আইন মেনে এই অঞ্চলে জলপথ দিয়ে অবাধ ও নির্বিঘ্নে নৌচলাচল যাতে করা যায়, তাও দ্রুত নিশ্চিত করতে হবে।‘ ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ডুবন্ত জাহাজ থেকে সব নাবিককে নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়। ভারতীয় নাবিকদের চিকিৎসাও করানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভেঙে যাচ্ছে পাকিস্তান? স্বতন্ত্র পতাকা-মুদ্রা-সংবিধান নিয়ে স্বাধীনতা ঘোষণা বালোচিস্তানের
গত কয়েক মাসে লোহিত সাগর ও বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপরে হামলার ঘটনায় নয়াদিল্লিতে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে ফের লোহিত সাগরে ভারতীয় বাণিজ্যিক জাহাজের উপরে হামলার ঘটনা ঘটল। এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানাল ভারত।




