• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলা, নিহত ৬, আহত ১০

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও ব্যাপক হারে কমে গিয়েছে। সোমবার মাত্র ৬টি জাহাজ চলাচল করেছে। যেখানে গত ১০ দিনের গড় ছিল প্রায় ১১টি এবং যুদ্ধ-পূর্ববর্তী সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১৩০ থেকে ১৪০টি।

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলা, নিহত ৬, আহত ১০

Photo: BBC

হরমুজ প্রণালীর পর এবার বাব আল-মান্দেবেও উত্তেজনা বাড়ল। ইরান-সমর্থিত হুথিদের হামলায় লোহিত সাগরে (Red Sea) ডুবল মিশরের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘তিহামাহ’। হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে ইয়েমেনের পরিবহণ মন্ত্রক জানিয়েছে। মৃতদের মধ্যে ৩ জন পাকিস্তানের নাগরিক। আহত হয়েছেন আরও ১০ জন।

ইয়েমেন সরকারের দাবি, মঙ্গলবার বাব আল-মান্দেব প্রণালীতে পেরিম দ্বীপের কাছে জাহাজটিতে হামলা চালায় হুথিরা। জাহাজটিতে সৌদি আরবের সামরিক সরঞ্জাম ছিল বলে পরে দাবি করেছে হুথি সংগঠন। তবে সৌদি আরবের তরফে শেষ পর্যন্ত পাওয়া খবরে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে সাহায্যের আবেদন জানায় ‘তিহামাহ’। খবর পেয়ে হুথি-বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের সদস্যরা উদ্ধারকাজে পৌঁছন। ইয়েমেনের সরকারি সূত্রের দাবি, সেই সময় দ্বিতীয়বার হামলা চালায় হুথিরা। তাতে উদ্ধারকারী দলের ২ জন সদস্যও নিহত হন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬-এ পৌঁছয়। আহতদের মধ্যে রয়েছেন জাহাজের ক্রু এবং উদ্ধারকারী দলের সদস্যরা।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, অজানা একটি বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রেও জানিয়েছে, পেরিম দ্বীপের উত্তর-পূর্বে জাহাজটি নোঙর করা অবস্থায় হামলার ঘটনা ঘটে। একই এলাকায় আরও একটি ছোট জাহাজে হামলার খবর পাওয়া গিয়েছে।

ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে হুথিদের এই হামলা লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ২০২৩-২০২৫ সাল পর্যন্ত হুথিদের হামলার জেরে এই পথে জাহাজ চলাচল ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি কমেছিল। নতুন করে হামলা শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর পাশাপাশি, ওমান উপসাগরেও বাণিজ্যিক জাহাজকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ জাহাজকে বারবার সতর্ক করার পর সেটির উপর দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর ফলে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪, সাহায্যের আশ্বাস জয়শঙ্করের

সাম্প্রতিক ঘটনাগুলো এই অঞ্চলের প্রধান সামুদ্রিক পথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আরও ব্যাহত করেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও ব্যাপক হারে কমে গিয়েছে। সোমবার মাত্র ৬টি জাহাজ চলাচল করেছে। যেখানে গত ১০ দিনের গড় ছিল প্রায় ১১টি এবং যুদ্ধ-পূর্ববর্তী সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১৩০ থেকে ১৪০টি। ফলে হরমুজ ও বাব আল-মান্দেব—পশ্চিম এশিয়ার দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথেই নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।