• facebook
  • twitter
Saturday, 28 March, 2026

পারস্য উপসাগরে ২০টি ভারতীয় জাহাজ, নিরাপদ ৫৪০ জন নাবিক

নজর রাখছে কেন্দ্র সরকার

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে পশ্চিম পারস্য উপসাগর এলাকায় বর্তমানে ২০টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৫৪০ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাঁদের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও এখনও পর্যন্ত কোনও অঘটনের খবর মেলেনি বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে কর্মরত ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব শিপিং নিয়মিতভাবে জাহাজ মালিক, আরপিএসএল সংস্থা এবং বিদেশে থাকা ভারতীয় মিশনগুলির সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Advertisement

মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোনও ভারতীয় জাহাজ বা নাবিককে ঘিরে কোনও দুর্ঘটনা ঘটেনি। তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন। ইতিমধ্যেই ৯৩৮ জনেরও বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ফিরেছেন ২৫ জন। দেশের বন্দরগুলিতেও স্বাভাবিক কাজকর্ম বজায় রয়েছে। গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির সামুদ্রিক দপ্তরগুলি জানিয়েছে, কোথাও কোনও জট বা ব্যাঘাত নেই।

Advertisement

এদিকে, বিদেশ মন্ত্রক জানিয়েছে, যুদ্ধপ্রভাবিত এলাকা থেকে এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯৭ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। বিদেশে থাকা ভারতীয় দূতাবাসগুলি সেখানকার ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। সূত্রের খবর, শনিবারও ভারতগামী পেট্রোলিয়াম বহনকারী আরও দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করতে পারে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা থাকায় নৌচলাচলে প্রভাব পড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিকেও গুরুত্বপূর্ণ বন্দরগুলির কাছে মোতায়েন করা হয়েছে, যাতে প্রয়োজন পড়লে দ্রুত সহায়তা দেওয়া যায়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

Advertisement