• facebook
  • twitter
Monday, 2 February, 2026

গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা

‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’- এই অ্যালবামের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে

বিশ্ব সঙ্গীত জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এবার সেই গ্র্যামি পুরস্কারে সম্মানিত হলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁকে পুরস্কৃত করা হয়। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সঙ্গীত শিল্পী রুফাস ওয়েনরাইট। ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’- এই অ্যালবামের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। অডিয়ো বুক বিভাগে সেরা হিসেবে পুরস্কার পেয়েছে এই অ্যালবামটি।

যদিও এই অ্যালবামটি পুরোপুরি গানের অ্যালবাম নয়। দলাই লামার বাণী, উপদেশ এবং শান্তির বার্তা রয়েছে এই অ্যালবামে। অ্যালবামে আবহসঙ্গীত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ। বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশারবাণী শুনিয়েছেন দলাই লামা এই অ্যালবামে।

Advertisement

পুরস্কার পেয়ে দলাই লামা জানান, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ।‘ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বের সকল মানুষের ভালো থাকার জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা গুরুত্বপূর্ণ। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে ছড়িয়ে দিতে সাহায্য করবে।‘

Advertisement

বিশ্ব সঙ্গীত জগতে ‘গ্র্যামি পুরস্কার’ অত্যন্ত পরিচিত একটি নাম। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার এই পুরস্কারপ্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর শান্তির বার্তাকে আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে দেবে বলেই মত অনেকের। সেরা অডিয়ো বুক বিভাগে দলাই লামার অ্যালবামটির সঙ্গে আরও অনেকগুলি অ্যালবাম প্রতিযোগিতায় ছিল। সেরার শিরোপা পায় বৌদ্ধ ধর্মগুরুর অ্যালবামটিই।

সঙ্গীতের লোক না হয়েও এর আগে অনেকেই গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দু’বার গ্র্যামি পেয়েছেন। তাঁর দু’টি বক্তৃতা সংকলনের জন্য তিনি গ্র্যামি পান। ২০০৬ সালে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ অ্যালবামটির জন্য  গ্র্যামি পেয়েছিলেন ওবামা।

এরপর ২০০৮ সালেও গ্র্যামি পান। আর এক অ্যালবাম ‘অডাসিটি অফ হোপ’-এর জন্য গ্র্যামি পুরস্কারে পুরস্কৃত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়াও ওবামা-পত্মী মিশেল ওবামা, অ্যাপল-এর প্রতিষ্ঠাতা স্টিভ জোবসও গ্র্যামি পেয়েছেন। অ্যাপল নির্মিত আইপডের মাধ্যমে সঙ্গীতের প্রসারের জন্য জোবসকে মরণোত্তর গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল।

তবে দলাই লামার গ্র্যামি পুরস্কার পাওয়া নিয়ে ক্ষুব্ধ চিন। দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তাঁকে ‘পলাতক রাজনীতিক’ বলে নিশানা করেছে চিন। ধর্মের আড়ালে দলাই লামা চিনবিরোধী কার্যকলাপ চালান বলে দাবি চিনের।

দলাই লামার পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোমবার প্রশ্ন করা হয় চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়ানকে। ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছেন দলাই লামা। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জিয়ান তা দাবি করেন। বেজিঙের সাংবাদিক বৈঠকে মুখপাত্র বলেন, ‘দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তিনি এক জন পলাতক রাজনীতিক। তিনি ধর্মের আড়ালে চিনবিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।‘

প্রায় ছয় দশক হল তিব্বত ছাড়া বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বর্তমানে চিন অধিকৃত তিব্বত থেকে গোপনে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাৎসো। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। এখন হিমাচলের ধর্মশালায় থাকেন দলাই লামা।

 

Advertisement