• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, পরপর জ্বলছে গ্রামীণ ব্যাঙ্ক, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহত ৪

তাছাড়া উত্তর-পূর্ব সিলেট, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের একাধিক গ্রামীণ ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে

ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, পরপর জ্বলছে গ্রামীণ ব্যাঙ্ক, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহত ৪

Bangladesh Violence Photo-ANI

বাংলাদেশ এখন আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দু’দিন ধরে সেখানে চলছে ভয়ঙ্কর হিংসার ঘটনা। বলা যেতে পারে আগুন যেন আর নিভছেই না পদ্মাপারে। ডিসেম্বর মাসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা। তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। রোজ সংঘর্ষ, অশান্তিতে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এবার সেই অশান্তির আঁচ আছড়ে পড়ল মহম্মদ ইউনূসের পৈতৃক ভিটেতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইউনূসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঢাকার একাধিক জায়গায় পেট্রোল বোমা ছোঁড়া, অগ্নিসংযোগ ঘটানো এবং ভাঙচুর করার ঘটনা ঘটছে।

আগেই টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জ জেলার কিছু এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। এবার বৃহস্পতিবার অন্তত ১৮টি জেলায় তুমুল অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মাঝরাত থেকে আগুন ধরানো হয় নানা জায়গায়। সেই আগুনের লেলিহান শিখা এবার পড়ল অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটেতে! এদিন সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। আর আওয়ামি লীগ দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে মহম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের পাঁচলাইশে অজ্ঞাতপরিচয় কয়েকজন ইউনূসের পৈত্রিক ভিটেতে আগুন লাগিয়ে দেয়। নিমেষেই আগুন পুড়ে তা ছারখার হয়ে যায়। একতলার ঘরে প্রথমে আগুন লাগানো হয়। ওখানে কেউ থাকে না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের ভাইরা থাকেন।

এই পরিস্থিতি দেখে টহলরত পুলিশকর্মীরা বাড়ির ভিতরে ঢুকে সেই আগুন নিভিয়ে দেন। তবে হামলাকারীদের কাউকে ধরতে পারেনি পুলিশ। চট্টগ্রাম পুলিশ সূত্রে খবর, মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নীচে কেউ থাকেন না। দ্বিতীয় এবং তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চলছে পোশাক-শ্রমিকদের বিক্ষোভও। তাতে আওয়ামি লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি বিএনপি সরকারের। হাসিনার দলের কাণ্ডকারখানা ঠেকাতে ইতিমধ্যেই দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

তাছাড়া উত্তর-পূর্ব সিলেট, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের একাধিক গ্রামীণ ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। বাংলাদেশে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে। বাড়ি থেকে আটক করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাহিদ ইসলামকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কড়া ভাষায় জানিয়েছেন, এই অশান্তির পিছনে যাদের হাত আছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। অডিও এবং ভিডিও প্রমাণ দেখে অভিযুক্তদের ধরা হবে। ইতিমধ্যেই ঢাকা জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে নানা জায়গায় আইইডি বিস্ফোরণ হয়েছে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে লাগাতার।