• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে আবার বিক্ষোভ বিজেপির, বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ সাংসদের

অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাঁদের উপর তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া রয়েছে

মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে আবার বিক্ষোভ বিজেপির, বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ সাংসদের

MP Mohua Maitra Photo-ANI

আবার বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। মমতা শিবিরের সাংসদ মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে আবার তীব্র বিক্ষোভ এবং তাঁকে হেনস্থা করার চেষ্টার অভিযোগ উঠল। আর তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। নিজের নিরাপত্তা নিয়ে আগেই চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন সাংসদ। তাই এই ঘটনার জেরে সরাসরি দেশের সর্বোচ্চ আদালত এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করলেন কৃষ্ণনগরের সাংসদ। সমাজমাধ্যমে একের পর এক বিস্ফোরক পোস্ট করে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। আগেও একাধিকবার তাঁর উপর আক্রমণ হয়েছিল। তখন তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারপরও একই ঘটনা ঘটল।

এদিকে দল রাজ্যের ক্ষমতা থেকে সরে যেতেই ২০ জন সাংসদ এনসিপিআই দলে নাম লিখিয়েছেন। কিন্তু মহুয়া মৈত্র দাপটের সঙ্গে লড়াই করে চলেছেন। মমতা শিবিরে থেকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে যাচ্ছেন বিজেপি এবং ওই ২০ জন বেইমান সাংসদকে। আর ক্ষমতা বদলের পর থেকে তাঁর উপর আক্রমণ লেগেই আছে। এবার তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই পরিস্থিতিতে পড়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে মহুয়া মৈত্র সরাসরি বিচারপতি দীপঙ্কর দত্ত, দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে কড়া বার্তা দেন। সেখানে সাংসদ ক্ষোভ উগরে দিয়ে জানান, আদালত অবমাননা ঠিক কেমন দেখতে হয়, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

 

অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাঁদের উপর তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া রয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশই শাসকদলের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে পুনরায় শারীরিকভাবে আক্রমণ করার সুযোগ করে দিচ্ছে। এমনকী ওই একই পোস্টে সলিসিটর জেনারেল তুষার মেহতাকেও কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মহুয়া মৈত্র। এই ধরনের আচরণ আর বরদাস্ত করা হবে না বলেও চরম হুঁশিয়ারি দেন কৃষ্ণনগরের সাংসদ। আগেও তাঁর উপর ডিম হামলা হয়েছিল। তখন সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি।

তাছাড়া তাঁর গাড়ি ঘিরে এই বিক্ষোভের ঠিক আগেই নিজের ওপর বড় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। আর আগাম বিপদের আঁচ পেয়েই মহুয়া পশ্চিমবঙ্গ পুলিশকে সতর্ক করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টে পুলিশ-প্রশাসনকে সরাসরি স্মরণ করিয়ে দিয়ে মহুয়া মৈত্র লিখেছিলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব পুলিশের। কালীগঞ্জের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৮০ থেকে ৯০ জন দুষ্কৃতী তাঁর উপর হামলা করার জন্য অপেক্ষা করছে। এমন সতর্কবার্তার পর আবারও এমন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। এমনকী সাংসদের নিরাপত্তা ইস্যুতে আইনি লড়াই এখন কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।