ফের কি নতুন করে যুদ্ধ শুরু হল? পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। এই সংঘাতের মধ্যেই সোমবার ইয়েমেন থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানাল ইজরায়েলি সেনাবাহিনী। এর ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইরান সতর্ক করে জানিয়েছে, ইজরায়েল যদি হামলা চালিয়ে যায়, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের এক শীর্ষ সামরিক কর্তা জানিয়েছেন, তেহরান ভবিষ্যতে আরও বড় পাল্টা আঘাত হানতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়া ইসফাহান, তাবরিজ-সহ একাধিক শহরেও বিস্ফোরণের ঘটেছে বলে জানা জানিয়েছে। অন্যদিকে, ইজরায়েলি ডিফেন্স ফোর্স একটি বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলের সেনা হামলা চালিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত কমানোর পক্ষে মত দিয়েছিলেন। সেইসঙ্গে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের সেই পরামর্শকে পাত্তা না দিয়ে ফের হামলা চালাল ইজরায়েল।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইজরায়েলের সংঘাতের মধ্যে ইয়েমেনের যুক্ত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।




