• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত কেন্দ্রের

ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। এর মধ্যে ওমান উপকূলে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনায় নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবরটি নিশ্চিত করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই বৃহস্পতিবার সেই ওমান উপকূলের কাছে আরও একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘পালাউয়ের পতাকাবাহী জাহাজে এমটি সেত্তেবেলো নামে তেল ট্যাঙ্কারে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মোদী সরকার নিহত পরিবারের পাশে রয়েছে। নাবিকদের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

জানা গিয়েছে, ওই জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয় নাগরিক। সেই ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ওমানের সোহার বন্দর থেকে উত্তর-পূর্ব সমুদ্রপৃষ্ঠের দিকে যখন এমটি সেত্তেবেলো নামে ওই তেল ট্যাঙ্কারটি আসছিল, সেই সময়ে হামলার ঘটনা ঘটে।

জানা গিয়েছে, আমেরিকার নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ওই জাহাজের উপরে আছড়ে পড়ে। হামলার পরেই ওই জাহাজে আগুন ধরে যায়। নাবিকরা এদিকে-ওদিকে ছুটোছুটি করতে শুরু করে। সেই সময়ে নাবিকের পাঠানো বিপদসংকেত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে যে হামলা চালানো হয়েছে সেই বিষয়ে ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে,  শিনাস বন্দরের কাছে একটি জাহাজে হামলা চালানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি।

বর্তমানে ইরান-আমেরিকার মধ্যে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতীয় পণ্যবাহী জাহাজে এই হামলায় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ ঠিক কোন খাতে বয়, এখন সেটাই দেখার।