• facebook
  • twitter
Friday, 6 March, 2026

জাহিরকে নতুন দায়িত্ব বোর্ডের

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। বিসিসিআইয়ের পক্ষ থেকে জোরে বোলারদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশেষ দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বোলার জাহির খানকে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ভবিষ্যতের জোরে বোলারদের তুলে আনতে একটি বিশেষ শিবির চালু করেছে বোর্ড। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শিবির। সেখানে তরুণ বোলারদের প্রশিক্ষণ দিচ্ছেন জাহির। মূলত, ট্রয় কুলি’র জায়গায় এই দায়িত্ব নিয়েছে তিনি।

গত বছর ডিসেম্বর মাসে কুলি’র সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের। সেই জায়গায় জাহিরকেই পাকাপাকিভাবে চাইছে বোর্ডের কর্মকর্তাদের একাংশ। কারণ, কুলি’র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে এই পদটি ফাঁকা রয়েছে। এনসিএ-তে বর্তমানে জোরে বোলিং কোচ হিসেবে কেউ নেই। এজন্য, বোর্ডের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি আবেদনপত্র চাওয়া হয়েছিল। জানা গিয়েছে, এই পদের জন্য বেশকিছু আবেদন জমা পড়েছে। যদিও, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড কর্তারা। তবে, এই পরিস্থিতিতে যাতে প্রস্তুতি থমকে না যায় তাই জাহিরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। বিসিসিআইয়ের পক্ষ থেকে জোরে বোলারদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজ্যের জোরে বোলাররা এসেছেন। এই শিবিরে এনসিএ’র প্রধান ভিভিএস লক্ষ্মণও রয়েছেন। তবে, বিশেষজ্ঞ জোরে বোলিং কোচ না থাকায় জাহিরকে বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তাতে জাহির রাজিও হয়েছেন। ওই বোর্ড কর্তার কথায়, প্রাক্তন এই জোরে বোলার কোচিংয়ে বিশেষ আগ্রহী। এর আগে তিনি আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে কাজ করেছেন। তাই, তিনি যদি চান তাহলে বোর্ড তাঁকে পুরোপুরিভাবে দায়িত্ব দিতে আগ্রহী।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, বিগত বছরগুলোতে বোর্ডের এই উদ্যোগের ফলে বেশকিছু তরুণ জোরে বোলার উঠে এসেছেন। ফলে, তিন ধরণের ফরম্যাটে নির্বাচকদের হাতে বিকল্প ক্রমশ বাড়ছে। তাতে বিশেষ সুবিধা হচ্ছে ভারতীয় দলের। কোনও বোলার চোট তাঁর যথেষ্ট বিকল্প থাকছে কোচ গৌতম গম্ভীর ও ম্যানেজমেন্টের হাতে। তাই, দল নির্বাচনেও খুব একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে না তাঁদের।

Advertisement