• facebook
  • twitter
  • youtube
Tuesday, 22 September, 2026

ধোনির পছন্দেই জাহির! বাদানি কেন পিছিয়ে পড়লেন, ফাঁস CSK-র কোচ বাছাইয়ের নেপথ্যকাহিনি

ফ্লেমিং সরে যাওয়ার পর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে সিএসকে। দলের ক্রিকেট ম্যানেজমেন্ট চেয়েছিল একজন ভারতীয় কোচ। সেই তালিকায় ছিলেন বাদানি-সহ একাধিক নাম

ধোনির পছন্দেই জাহির! বাদানি কেন পিছিয়ে পড়লেন, ফাঁস CSK-র কোচ বাছাইয়ের নেপথ্যকাহিনি

Photo: Representational Image

স্টিফেন ফ্লেমিংয়ের দীর্ঘ ১৮ বছরের অধ্যায় হওয়ার পর তাঁর জায়গায় চেন্নাই সুপার কিংসের নতুন হেড কোচ হলেন জাহির খান (Zaheer Khan)। কিন্তু কেন জাহির (Zaheer Khan)? কেন নয় তামিলনাড়ুর হেমাঙ্গ বাদানি? সিএসকে-র কোচ বাছাইয়ের নেপথ্যের কারণ সামনে আসতেই স্পষ্ট হচ্ছে, এই সিদ্ধান্তে মহেন্দ্র সিংহ ধোনির পছন্দেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ফ্লেমিং সরে যাওয়ার পর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে সিএসকে। দলের ক্রিকেট ম্যানেজমেন্ট চেয়েছিল একজন ভারতীয় কোচ। সেই তালিকায় ছিলেন বাদানি-সহ একাধিক নাম। শেষ পর্যন্ত জাহিরকে (Zaheer Khan) বেছে নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, ধোনি এমন একজনকে চেয়েছিলেন, যাঁকে তিনি আগে থেকেই চেনেন এবং যাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

সিএসকে-র ম্যানেজিং ডিরেক্টর কাশি বিশ্বনাথন জানিয়েছেন, জাহিরের (Zaheer Khan) নাম প্রস্তাব করেছিলেন ধোনিই। তাঁর কথায়, ‘এমএসই জাহিরের নাম প্রস্তাব করেছিল। ক্রিকেট ম্যানেজমেন্ট টিমের রূপা এবং রুতুরাজ গায়কোয়াড়ও মনে করেছিল, এই দায়িত্বের জন্য জাহির (Zaheer Khan) উপযুক্ত। মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আইপিএলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ওর’।

আরও পড়ুন: প্রথম সোনা হরমনপ্রীতদের, মন্ধানা-শেফালির ঝড়ের পর রিচা, দীপ্তির তাণ্ডব! শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়

অন্য দিকে, বাদানির ক্ষেত্রেও SF অভিজ্ঞতা ছিল। ‘আইএল টি-টোয়েন্টি’ এবং ‘দ্য হান্ড্রেড’-এ কোচ হিসাবে কাজ করেছেন তিনি। কিন্তু জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে তাঁর দু’বছরের মেয়াদ খুব একটা সাফল্য এনে দিতে পারেনি বলেই শেষ পর্যন্ত তাঁর নাম পিছিয়ে যায়। সিএসকে-র এক কর্তা জানান, দুই বছরই বাদানির কোচিংয়ে দিল্লির পারফরম্যান্স হতাশাজনক ছিল। ‘আইএল টি-টোয়েন্টি’ এবং ‘দ্য হান্ড্রেড’-এ কোচ হিসাবে তিনি ভাল কাজ করলেও, সেই প্রতিযোগিতাগুলির সঙ্গে আইপিএলের তুলনা করা যায় না।

জাহিরের (Zaheer Khan) অবশ্য আইপিএল এবং ভারতীয় ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর এবং পরে গ্লোবাল হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট হিসাবে কাজ করেছেন। লখনউ সুপার জায়ান্টসের মেন্টরও ছিলেন। ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি এক দিনের ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১১ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন—২১টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: জাপানের বিরুদ্ধেও ব্যাটিং ধস, রুদ্ধশ্বাস ম্যাচে কোনোমতে জয়, দুশ্চিন্তার ভাঁজ শ্রেয়সদের কপালে

নতুন দায়িত্ব পেয়ে জাহির বলেছেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারা আমার কাছে সম্মানের। ক্রিকেটার হিসাবে CSK-র বিরুদ্ধে খেলেছি এবং সেই লড়াইগুলি খুব উপভোগ করেছি। চিপকের সুপারফ্যানদের তৈরি করা পরিবেশ এই দায়িত্বকে আরও বিশেষ করে তুলেছে। এত সমৃদ্ধ ইতিহাসের এক ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে আমি আর অপেক্ষা করতে পারছি না’। সিএসকে-র কর্ণধার রূপা গুরুনাথও জাহিরের প্রশংসা করেছেন।

অর্থাৎ, জাহিরের (Zaheer Khan) ক্ষেত্রে শুধু প্রাক্তন তারকা ক্রিকেটারের পরিচয় নয়—ধোনির আস্থা, আইপিএলের অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার দক্ষতাই শেষ পর্যন্ত বাজিমাত করে। আর সেখানেই বাদানির সঙ্গে তাঁর ব্যবধান তৈরি হয়ে যায়।

দেখুন: