১৮ বছর বয়সেই বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন ভারতীয় স্কোয়াশ তারকা অনাহত সিং। দেশের খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কানাডায় অনুষ্ঠিত মেয়েদের সিঙ্গলস ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ ব্যবধানে সরাসরি হারিয়ে ভারতের দীর্ঘ প্রতীক্ষারঔ অবসান ঘটান এই তরুণী। সেই সঙ্গে মেয়েদের জুনিয়র বিশ্ব স্কোয়াশে গত ১৫ বছর ধরে মিশরের আধিপত্যেও ইতি টানেন অনাহত।
এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— কে এই অনাহত সিং?
২০০৮ সালে জন্ম তাঁর। দিল্লির অনাহত এমন এক পরিবারে বড় হয়েছেন, যেখানে খেলাধুলার পরিবেশ ছিল বরাবরই। বাবা গুরশরণ সিং এবং মা তানি ভাদেরা— দু’জনেই একসময় হকি খেলতেন। পরিবারের আর এক সদস্য টেনিস খেলোয়াড় ছিলেন। তবে ছোটবেলায় অনাহতের প্রথম ভালোবাসা ছিল ব্যাডমিন্টন। ভারতীয় তারকা পি ভি সিন্ধুর সাফল্যে অনুপ্রাণিত হয়েই র্যাকেট হাতে নেওয়া।
পরে স্কোয়াশে কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এই খেলার প্রতিই আকৃষ্ট হন এবং শেষ পর্যন্ত স্কোয়াশকেই পেশা হিসেবে বেছে নেন।
মাত্র ১৪ বছর বয়সে ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করে নজর কেড়েছিলেন অনাহত। সেই সময় তিনিই ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ কমনওয়েলথ গেমস প্রতিযোগী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
২০১৯ সালে ব্রিটিশ জুনিয়র ওপেন অনূর্ধ্ব-১১ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক জুনিয়র সার্কিটে নিজের পরিচয় দেন তিনি। একই বছরে ইউরোপিয়ান, ডাচ এবং স্কটিশ জুনিয়র ওপেনও জেতেন। ২০২১ সালে ইউএস জুনিয়র ওপেন খেতাবও তাঁর ঝুলিতে আসে। এরপর একের পর এক সাফল্য তাঁকে ভারতীয় স্কোয়াশের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা হিসেবে প্রতিষ্ঠা করে।
২০২৫-এ পিএসএ-র (প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন) ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার’ এবং ‘চ্যালেঞ্জার অব দ্য ইয়ার’— এই দুই সম্মানই জিতেছিলেন অনাহত। এছাড়া বিশ্বকাপে সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটি সোনা এবং বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জও রয়েছে তাঁর সাফল্যের তালিকায়।
আর ২০২৬ সালে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে শুধু নিজের স্বপ্নই পূরণ করলেন না, ভারতীয় স্কোয়াশকেও পৌঁছে দিলেন এক নতুন উচ্চতায়। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও।




