অন্য দেশের অধিনায়কদের পরে এ বার ইমরান খানের প্রাক্তন সতীর্থরাও একে একে মুখ খুলতে শুরু করেছেন। কয়েকদিন আগে ইমরানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। এ বার তাঁর প্রাক্তন অধিনায়ককে নিয়ে ওয়াসিম আক্রমও নিজের দুশ্চিন্তার কথা জানালেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তাঁর এক সময়ের সতীর্থ এবং প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম। ইমরানের স্বাস্থ্য নিয়ে কোনও রকম আপস করা উচিত নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুললেন, কারাবন্দি ইমরানের চিকিৎসা ও শারীরিক সুরক্ষা যথাযথ ভাবে হচ্ছে কি না, তা নিয়েও।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান বর্তমানে জেলে বন্দি। একাধিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২২ সাল থেকে তাঁর কারাবাস চলছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। এই পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক প্রাক্তন তারকা। তাঁদের সেই দাবির সঙ্গেই এ বার কণ্ঠ মেলালেন আক্রমও।
এক সাক্ষাৎকারে আক্রম বলেন, ‘গত তিন বছর ওঁর সঙ্গে আমার কথা হয়নি। রাজনৈতিক ভাবে ওঁর সঙ্গে যা হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আদালতের বিষয় আদালতের জায়গায় থাকবে। কিন্তু ওঁর স্বাস্থ্যের প্রশ্নে কোনও আপস করা যায় না।’
ইমরানের শারীরিক অবস্থার বিষয়ে আন্তর্জাতিক স্তরে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার কথাও উঠে এসেছে আক্রমের বক্তব্যে। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও ইমরানের জন্য যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন। তার আগে ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের জন্য উপযুক্ত চিকিৎসা এবং মানবিক আচরণের আবেদন করেছিলেন।
আক্রমের কথায়, ‘ইংল্যান্ড-সহ আরও কিছু জায়গায় ইমরানের পরিস্থিতি উন্নত করার জন্য একটা আন্দোলন চলছে। কিন্তু এখানে, অর্থাৎ পাকিস্তানে, তেমন কিছু হচ্ছে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’
শুধু রাজনৈতিক অবস্থান নয়, ব্যক্তি ইমরানকে নিয়েই তাঁর উদ্বেগ—সেটাও পরিষ্কার করে দিয়েছেন আক্রম। তাঁর কথায়, ‘এক জন মানুষ হিসাবে ওঁকে নিয়ে আমি উদ্বিগ্ন। আমি মন থেকে এই কথাটা বলছি। উনি দোষী সাব্যস্ত হন বা না হন, জেলে থাকুন বা না থাকুন— ওঁর স্বাস্থ্যের সুরক্ষা আমাদের নিশ্চিত করতেই হবে। কী হচ্ছে, আমরা জানি না। সরকার বলছে, তাঁর স্বাস্থ্য নাকি ঠিক আছে। কিন্তু আমি উদ্বিগ্ন। আমি ওঁকে খুব মিস করি।’
ইমরানের দীর্ঘ দিনের সতীর্থ জাভেদ মিয়াঁদাদও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পাকিস্তানের ক্রিকেটমহল থেকে এখনও তেমন জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। সেই জায়গাতেই আক্রমের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিকেটের মাঠে ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আক্রম। তাই প্রাক্তন অধিনায়কের বর্তমান পরিস্থিতি তাঁকে যে ব্যক্তিগত ভাবে বিচলিত করছে, তাঁর কথাতেই তা স্পষ্ট।




