পুজোর আগে বাংলার ফুটবল প্রেমীদের জন্য ডাবল ধামাকা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)। শুধুই ব্রাজিল নয়। ব্রাজিলের পর এ কলকাতায় আসবে উরুগুয়ে।
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত। আগামী ৬ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচটি। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সরকারি ভাবে এই ম্যাচের কথা ঘোষণা করল।
অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় ফুটবল দলের সামনে একের পর এক কঠিন পরীক্ষা। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। তার পর ৩ অক্টোবর কলকাতাতেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারত। ব্রাজিল ম্যাচের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন ভারতীয় দলের ফুটবলাররা।
বিশ্ব ফুটবলে উরুগুয়ের ইতিহাসও কম গৌরবময় নয়। ১৯৩০-এ প্রথম বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর পর ১৯৫০-এ দ্বিতীয় বার বিশ্বকাপ জেতে ‘লা সেলেস্তে’। বর্তমানে ফিফা ক্রমতালিকায় ২০ নম্বরে রয়েছে উরুগুয়ে। ফলে র্যাঙ্কিংয়েও ভারতের থেকে বহু এগিয়ে থাকা এই দলের বিরুদ্ধে ম্যাচটি যে কঠিন পরীক্ষা হতে চলেছে, তা বলাই যায়।
🇮🇳🤝🇺🇾
Welcoming the two-time world champions to Kolkata on October 6.#IndianFootball @Uruguay pic.twitter.com/DU8287LZMS— Indian Football (@IndianFootball) August 27, 2026
উরুগুয়ের বর্তমান কোচের নাম দিয়েগো ফোরলান। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে তাঁর নাম আরও পরিচিত হওয়ার কারণ, এক সময় মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন এই উরুগুয়ান কিংবদন্তি। এ বার সেই ফোরলানের কোচিংয়েই উরুগুয়ে কলকাতায় পা রাখবে।
কলকাতায় বিশ্ব ফুটবলের দুই সেরা শক্তিকে পরপর দেখার সুযোগ যে বিরল, তা বলাই বাহুল্য। ৩ অক্টোবর ব্রাজিলের পর ৬ অক্টোবর উরুগুয়ে—টানা দু’টি ম্যাচে যুবভারতী সাক্ষী থাকবে দক্ষিণ আমেরিকার দুই ঐতিহ্যশালী দলের। ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে।
এআইএফএফের ঘোষণা অনুযায়ী, একই আন্তর্জাতিক উইন্ডোতে ভারত সফর করবে তিনটি বিশ্বকাপ খেলা দেশ—পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে। ভারতীয় দলের কাছে এই ম্যাচগুলি শুধু প্রীতি ম্যাচ নয়, বরং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বড় সুযোগ। বিশেষ করে ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে ভারতীয় দলের পরীক্ষা হবে এই ম্যাচগুলিতে।
ফুটবলপাগল কলকাতার জন্য তাই অক্টোবর মাসের শুরুতেই জোড়া ধামাকা। প্রথমে ব্রাজিল, তার তিন দিন পর উরুগুয়ে। যুবভারতীতে বিশ্ব ফুটবলের মহাতারকাদের দেখতে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।




