বাংলার সন্দীপ মান্ডি ও কাশ্মীরের সুহেল ভাট— সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুই তরুণ ফুটবলারই জেতান ভারতকে। ফাইনালের ৮৮ মিনিটে দুরন্ত হেডারে গোল করে টানা তৃতীয় বার ভারতকে সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জেতান বাংলার সন্দীপ আর তার প্রায় আধ ঘণ্টা আগে আর এক অসাধারণ গোল করে পাকিস্তানের বিরুদ্ধে সমতা আনেন সুহেল।
এই সাফল্যের পর থেকেই দেশের দুই প্রান্তের দুই ফুটবলার জনপ্রিয়তার শিখরে উঠে পড়েছেন। সন্দীপ যেখান থেকে উঠে এসেছেন, সেই কল্যাণীর আদিবাসী পাড়ায় যেমন রীতিমতো হইচই, উৎসবের আমেজ, তেমনই শ্রীনগরের অদূরে বেমিনাতেও এখন ছবিটা একই রকম। সেখানকার সবাই সুহেল ভাটকে অভিনন্দন জানাতে চায়, সবাই তাঁকে একবার চোখের দেখা দেখতে চায়।
মাত্র ১২ বছর বয়সে কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাবে যাঁর ফুটবল জীবন শুরু, সেই সন্দীপই এখন সাফ জয়ের নায়ক। আদিবাসী ক্লাব থেকে কল্যাণী ফুটবল অ্যাকাডেমি, সেখান থেকে বাংলার যুব দল, তার পরে ভারতের যুব দলে, টাটা ফুটবল অ্যাকাডেমি, জামশেদপুর এফসি, মহমেডান স্পোর্টিং, ইন্টার কাশী হয়ে এখন তিনি ইস্টবেঙ্গল ও সাফ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।
ফুটবল পরিবারের উত্তরসূরি
এই দীর্ঘ এবং কঠিন অভিযানে তিনি যে তাঁর পরিবারের সাহায্য পেয়েছিলেন দারুন ভাবে, তা নিজেই স্বীকার করেন সন্দীপ। ফুটবল পরিবারেরই ছেলে তিনি। ঠাকুরদা, বাবা— সবাই ছিলেন ফুটবলার। বাবা সুন্দর মাণ্ডি ছিলেন রেলের ফুটবলার। রেলের হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন। কাকা সংগ্রাম মাণ্ডি খেলতেন মোহনবাগানে। তাঁদের দেখেই অনুপ্রাণিত হয়ে সন্দীপের ফুটবলে আসা এবং পেশাদার ফুটবলার হওয়ার পথে এগোনো। কিন্তু ইচ্ছে ছিল স্ট্রাইকার হওয়ার। তবে হয়ে গিয়েছেন ডিফেন্ডার।
স্ট্রাইকার যে হতে পারতেন, তা সেদিন তাঁর অসাধারণ হেডে গোল দেখেই বুঝে নিয়েছেন অনেকে। তা হলে স্ট্রাইকার হলেন না কেন? ‘কল্যাণীর অ্যাকাডেমিতেই আমাকে ডিফেন্ডার হিসেবে খেলানো হত। সেই থেকে ডিফেন্ডার হিসেবেই খেলতে শুরু করি এবং ভারতীয় দলেও ডিফেন্ডার হিসেবেই সুযোগ পাই’। তাই গোলের খিদেটা এখনও কমেনি। কর্নার হলেই উঠে যান প্রতিপক্ষের বক্সে। যদি একটা গোলের সুযোগ পাওয়া যায়। সেদিন সাফ ফাইনালেও উঠে গিয়েছিলেন এই উদ্দেশ্যেই এবং সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়ে নেন তিনি।
এখানেই সন্দীপের কৃতিত্ব। অনেকেই গোলের সুযোগ পান, একাধিক সুযোগও পান। কিন্তু কাজে লাগাতে পারেন না। সন্দীপ কিন্তু একটা সুযোগ পেয়েই কাজে লাগিয়ে নেন এবং সেই গোলই গোটা দেশের গর্বের কারণ হয়ে ওঠে। সেজন্যই তো তাঁকে নিয়ে এত হইচই, যা তাঁর প্রাপ্যই ছিল।
নিজের পাড়ায় বীরের সন্মান
বুধবার সন্ধ্যায় যখন কল্যাণীর সিধু-কানু মোড়ে এসে পৌঁছন সন্দীপ, তখনই তাঁকে বীরের সন্মান দিয়ে বরণ করে নেয় স্থানীয় জনতা। ধামসা-মাদলের আওয়াজে গমগম করে ওঠে গোটা এলাকা। সন্দীপও যে আদিবাসী সমাজেরই একজন, সে কথা সবাইকে মনে করিয়ে দিতে শুরু হয় আদিবাসী নৃত্য। তাঁকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ ধরে চলে শোভাযাত্রা। মাঝে মাঝেই আদিবাসীদের নিয়ম মেনে কাঁসার থালায় ভারতীয় ফুটবলের নতুন নায়ককে দাঁড় করিয়ে তাঁর পা ধুইয়ে দেন আদিবাসী সমাজের মানুষেরা। সঙ্গে পুষ্পবৃষ্টি।
গুরুত্বের নিরিখে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বিশাল কিছু না হলেও ভারতের দশম সাফ জয়ের নায়ক যে হয়ে উঠবেন এক আদিবাসী তরুণ, এমন স্বপ্ন কখনও দেখেননি সেই সমাজের মানুষেরা। এই সমাজ থেকে উঠে এসেছেন বহু ফুটবলার। কিন্তু তারা কেউ কখনও ভারতীয় দলের জার্সি গায়ে দেশকে খেতাব জেতানোর বিরল কৃতিত্ব অর্জন করতে পারেনি। তাই সন্দীপ মাণ্ডি তাদের কাছে আজ মহানায়ক।
সন্দীপও অভিভূত, আপ্লুত তাঁকে নিয়ে এই হইচই দেখে। বাড়ি ফিরে বলেন, ‘আমি কখনও ভাবতেই পারিনি যে আমাকে নিয়ে মানুষ এত হইচই করবে, এত সন্মান দেবে। এখানেই আমার ছোটবেলা কেটেছে। সবার কাছেই আমি ঘরের ছেলে। সেই জন্যই বোধহয় এত ভালবাসা পাচ্ছি’।
তবে তাঁর বাবা সুন্দর মাণ্ডির একটাই আক্ষেপ। ছেলের করা গোলটা টিভিতে দেখতে পাননি। টিভিতে ওই সময় ছবিই চলে গিয়েছিল। সন্দীপও যেমন বললেন, ‘হেড করে গোলে বল ঠেলার সময় চোখের সামনে শুধু অন্ধকার ছিল’, তেমনই তঁর বাবাও বললেন, ‘ওই সময় টিভিও অন্ধকার হয়ে গিয়েছিল। পরে যখন ছবি আসে, তখন বুঝতে পারলাম সন্ধীপের গোলে ভারত জিতেছে। তখন ও জার্সি খুলে ফেলে আনন্দে দৌড়চ্ছে আর সবাই ওর পিছনে দৌড়চ্ছে’।
সুন্দর মাণ্ডিরও ইচ্ছে ছিল ভারতের হয়ে খেলার। পারেননি বলে আফসোস ছিল। ‘এখন আর সেই আফসোস নেই। যার ছেলের গোলে দেশ জেতে, তার আবার কীসের আফসোস?’, জানিয়ে দিলেন নিজেই। মা সরলার সহজ কথা, ‘আমার ছেলে দেশকে জিতিয়েছে। সারা দেশ তাই খুশি। সে জন্যই আমরাও খুশি’।
সুহেলের অবিস্মরণীয় সাফ অভিযান
সুহেলের সাফ অভিযান ছিল আরও রোমাঞ্চকর। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে সমতা আনা গোল, সারা প্রতিযোগিতায় চারটি গোল করে সোনার বুট, সঙ্গে প্রতিযোগিতার সেরা ফুটবলারের সম্মানও জিতে নিয়েছেন তিনি। ভারতের দশম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের আসল নায়ক কিন্তু এই ২১ বছরের সুহেল।
কাশ্মীরের বেমিনা থেকে উঠে এসে ভারতের দশম সাফ খেতাব জয়ের নেপথ্যে বড় অবদান ছিল এই তরুণ স্ট্রাইকারের। শুধু দলীয় সাফল্য নয়, ব্যক্তিগত ভাবেও স্মরণীয় হয়ে থাকল তাঁর এই প্রতিযোগিতা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’, প্রতিযোগিতার সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি)-এর ট্রফিও উঠল তাঁর হাতে। এই প্রতিযোগিতা তাঁর কেরিয়ারের সেরা হয়ে থাকবে।
মাত্র ২১ বছর বয়সে এমন সাফল্য পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি সুহেল। বলেন, ‘গোল্ডেন বুট জেতা এবং প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হওয়া আমার কাছে অত্যন্ত গর্বের এবং আবেগের মুহূর্ত। একজন ফুটবলার হিসাবে এই সাফল্যের স্বপ্ন সবাই দেখে। কিন্তু দেশের হয়ে খেলতে নেমে এই সম্মান অর্জন করার আনন্দই আলাদা’।
তবে ব্যক্তিগত পুরস্কারের থেকেও দেশের হয়ে ট্রফি জেতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সুহেল। বলেন, ‘কাশ্মীর থেকে উঠে আসার ফলে আমি জানি, এই জায়গায় পৌঁছতে কতটা পরিশ্রম, আত্মত্যাগ এবং লড়াই করতে হয়েছে। ব্যক্তিগত পুরস্কারগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের দশম সাফ খেতাব জয়ই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি’।
ফাইনালের গোল নিয়ে সুহেল বলেন, ‘এটা আমার কেরিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত। দেশের যখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন অবদান রাখতে পেরে আমি কৃতজ্ঞ। দেশের হয়ে ফাইনালে গোল করা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আর সেই গোল যদি দেশকে ট্রফি জেতাতে সাহায্য করে, তা হলে আনন্দ আরও বেড়ে যায়। প্রথমার্ধে আমরা ০-১ পিছিয়ে ছিলাম। কিন্তু আমার বিশ্বাস ছিল। দ্বিতীয়ার্ধে আমার মাথায় একটাই কথা ছিল— দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে হবে’।
শুরু থেকে শেষ, সাফল্যে ভরা
প্রতিযোগিতার শুরু থেকেই ছন্দে ছিলেন সুহেল। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। তার পর মলদ্বীপের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেন। ফাইনালেও তাঁর গোল ভারতের প্রত্যাবর্তনের রাস্তা খুলে দেয়।
সুহেলের কথায়, ‘আমার কাছে এই যাত্রা অবিস্মরণীয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি গোল করার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। প্রতিটি গোলই আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালদ্বীপের বিরুদ্ধে পেনাল্টি এবং ফাইনালে সমতাসূচক গোল’।”
ভারতের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সুহেলের। গত বছর জুনে জাতীয় সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন পরিবার, কাশ্মীরের মানুষ এবং যাঁরা তাঁর উপর বিশ্বাস রেখেছেন তাঁদের।
কাশ্মীরের এই তরুণের সামনে এখন আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। সাফের সোনার বুট এবং সেরা ফুটবলারের পুরস্কার বুঝিয়ে দিল, ভারতীয় ফুটবলে নতুন এক তারকার উত্থান ঘটছে।




