• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

‘অনেক লড়াই করে উঠে এসেছে, সিরাজকে আটকে রাখা সোজা নয়’- হায়দরাবাদি পেসারের পাশে এ বার মিম প্রধান ওয়েইসি

শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর কাছে সিরাজের ক্রিকেটজীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন হায়দরাবাদের সাংসদ। এক অটোচালকের পরিবার থেকে উঠে এসে কী ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সিরাজ, সে কথাও মনে করিয়ে দেন তিনি

‘অনেক লড়াই করে উঠে এসেছে, সিরাজকে আটকে রাখা সোজা নয়’- হায়দরাবাদি পেসারের পাশে এ বার মিম প্রধান ওয়েইসি

Image: SNS

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। আর তা নিয়েই তোলপাড় ভারতীয় ক্রিকেট। সিরাজের বাদ পড়া নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। এ বার হায়দরাবাদের পেসারের পাশে দাঁড়ালেন মিম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

তাঁর বিশ্বাস, এই ধাক্কা সামলে ভারতীয় দলে ফিরে আসবেন সিরাজ। তাঁর বক্তব্য, লড়াকু মানসিকতা এবং পরিশ্রম দিয়েই দলে ফিরবেন সিরাজ। তাঁকে দীর্ঘ দিন আটকে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন ওয়েইসি।

শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর কাছে সিরাজের ক্রিকেটজীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন হায়দরাবাদের সাংসদ। এক অটোচালকের পরিবার থেকে উঠে এসে কী ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সিরাজ, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

ওয়েইসি বলেন, ‘সিরাজ হায়দরাবাদের একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। ওর বাবা অটোচালক ছিলেন। নিজের জায়গা তৈরি করতে ওকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে ভারতের হয়ে একাধিক টেস্ট খেলেছে। ইতিমধ্যেই ১৪৪টি টেস্ট উইকেট নিয়েছে। সিরাজকে দমিয়ে রাখা বা দীর্ঘ দিন দলের বাইরে রাখা সহজ নয়। ও ফিরে আসবে’।

সিরাজের লড়াকু মানসিকতার উদাহরণ দিতে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক পাঁচ টেস্টের সিরিজের কথাও উল্লেখ করেছেন ওয়েইসি। সেই সিরিজে পাঁচটি টেস্টেই খেলেছিলেন ভারতীয় পেসার। ১১১৩টি বল করে সর্বোচ্চ (২৩) উইকেটশিকারিও হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সিরাজ-বিতর্কে মুখ খুললেন কপিল, নির্বাচকদেরই দায়ী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, অবাক অতুল ওয়াসন

ওয়েইসি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ও পাঁচটি ম্যাচেই খেলেছিল। একজন পেসার হিসাবে ১১১৩টি বল করেছে। সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিল। ও সত্যিকারের যোদ্ধা। ওর চরিত্র এবং সাধারণ জীবনযাপনও প্রশংসনীয়। আমার বিশ্বাস, সিরাজ ভারতীয় দলে ফিরবেই। দীর্ঘ দিন দেশের হয়ে খেলবে এবং ভারতীয় দলকে আরও সাফল্য এনে দেবে’।

সিরাজকে প্রথম টেস্টের একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার বিতর্কের সূত্রপাত করেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তিনি বলেন, ‘শোনা যাচ্ছে, ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও ওকে দলে জায়গা দেওয়া হয়নি। ওর নাম ‘সিরাজ’, তাই ওকে জায়গা দেওয়া হয়নি। ভাল খেলা সত্ত্বেও যদি কাউকে দলে না নেওয়া হয়, তা হলে বৈষম্য স্পষ্ট’।

আরও পড়ুন: ড্রেসিংরুমের ‘খবর ফাঁসের’ অভিযোগে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, এতদিনে মুখ খুললেন সরফরাজ

তবে এই বিতর্কে ক্রিকেটকে ধর্মীয় বিভাজনের মধ্যে টেনে আনতে নারাজ কংগ্রেস নেত্রী মুমতাজ প্যাটেল। তাঁর মতে, ক্রিকেটের মতো খেলায় ঘৃণা বা ধর্মীয় বিভাজনের কোনও জায়গা নেই। মুমতাজ বলেন, ‘ক্রিকেটের মতো খেলায় ঘৃণা বা ধর্মীয় বিভাজনের কোনও জায়গা থাকা উচিত নয়। ভারতীয় দল নিয়ে কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত। আমরা রাজ্য, ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে ক্রিকেটকে ভাগ করতে দেখিনি। তাই এই বিষয়গুলি দূরে সরিয়ে রাখা উচিত। দেশে ঘৃণা ও বিভাজনের পরিবেশ তৈরি করবেন না’।

সিরাজের বাদ পড়া নিয়ে প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর এবং মহম্মদ আজহারউদ্দিনও প্রশ্ন তুলেছেন। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১১টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। এমন একজন অভিজ্ঞ পেসারকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।

দেখুন: