• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

কী ভাবে বদলে গেল রাহুলের ব্যাটিং? পুরনো অভ্যাস ছাড়লেন কী ভাবে? সেঞ্চুরির পর নিজেই ফাঁস করলেন সেই রহস্য

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এ বার নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট সেঞ্চুরি করলেন। চারটি SENA দেশেই টেস্টে সেঞ্চুরি করার নজির গড়লেন ভারতীয় ওপেনার

কী ভাবে বদলে গেল রাহুলের ব্যাটিং? পুরনো অভ্যাস ছাড়লেন কী ভাবে? সেঞ্চুরির পর নিজেই ফাঁস করলেন সেই রহস্য

Image: X

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট। আর তাতেই ইতিহাস গড়ে ফেললেন কে এল রাহুল। শুধু ১৩তম টেস্ট সেঞ্চুরিই নয়, সঙ্গে পূর্ণ করেছেন আরও একটি স্বপ্ন। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এ বার নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট সেঞ্চুরি করলেন। চারটি SENA দেশেই টেস্টে সেঞ্চুরি করার নজির গড়লেন ভারতীয় ওপেনার।

কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে কোন রহস্য?

আসলে নিজের ব্যাটিংয়ের ধরনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন রাহুল। এত দিন যে অভ্যাস তাঁর ব্যাটিংয়ের অঙ্গ ছিল, সেটাই ছেড়ে দিয়েছেন। কী সেই পরিবর্তন? শনিবার ওয়েলিংটনে নিজেই তা জানিয়ে দিলেন।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন ২৯০ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছেন রাহুল। তাঁর ব্যাটে ছিল ধৈর্য, সংযম এবং পরিস্থিতি বুঝে আক্রমণে যাওয়ার দক্ষতা। দিনের শেষে সাংবাদিক বৈঠকে নিজের ব্যাটিংয়ের পরিবর্তন নিয়ে মুখ খোলেন তিনি।

‘টেকনিকে সমস্যা ছিল না’

কেরিয়ারের একটা সময়ে ব্যাটিং অর্ডারে বার বার জায়গা বদল করতে হয়েছে রাহুলকে। বিশেষ করে মিডল অর্ডারে ১৫ মাস ব্যাট করার সময় তাঁর মধ্যে একটি অভ্যাস তৈরি হয়েছিল। প্রায় প্রতিটি বলেই ব্যাট ছোঁয়ানোর চেষ্টা করতেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের মতো সিম এবং সুইং সহায়ক পরিবেশে সেই অভ্যাস বিপদ ডেকে আনতে পারে।

রাহুল বলেন, ‘আমার ব্যাটিংয়ে টেকনিকের দিক কখনও সমস্যা ছিল না। মিডল অর্ডারে ওই ১৫ মাস ব্যাট করার সময় প্রায় প্রত্যেকটি বলেই ব্যাট ছোঁয়ানোর একটা অভ্যাস তৈরি হয়েছিল। কিন্তু যেখানে বল সিম করে, সেখানে বল এবং ব্যাটের সংস্পর্শ যত কম রাখা যায়, সেটাই হয়তো সবচেয়ে ভাল পদ্ধতি’।

অর্থাৎ, সব বল খেলার চেষ্টা নয়, বরং কোন বল ছাড়তে হবে, সেটাই বুঝতে শিখেছেন রাহুল। তাঁর সাম্প্রতিক সাফল্যের অন্যতম রহস্য এই পরিবর্তন। প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় একবার বলেছিলেন, ‘বড় ব্যাটসম্যান সে-ই হয়, যে বল ছাড়তে জানে’। এবার নয়া প্রজন্মের রাহুলও বললেন একই কথা।

আরও পড়ুন: রাহুলের দুরন্ত শতরান, ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া গিলের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত

তিন সপ্তাহের প্রস্তুতি, পুরনো ভিডিও

নিউজিল্যান্ডে এই প্রথম টেস্ট খেলছেন রাহুল। তাঁর ৭১ ম্যাচের টেস্ট কেরিয়ারে এর আগে কিউয়িদের দেশে টেস্ট খেলার সুযোগ হয়নি। তবে এই সফরের প্রস্তুতি শুরু করেছিলেন বেশ কয়েক মাস আগে থেকেই।

রাহুল বলেন, ‘এই কৃতিত্ব অর্জন করে দারুণ লাগছে। আমি এখানে প্রায় তিন সপ্তাহ ধরে রয়েছি। ভারতীয় ‘এ’ দলের হয়ে খুব বেশি রান করতে পারিনি ঠিকই। কিন্তু নেটে অনেকটা সময় কাটিয়েছি। এখানকার পরিবেশে কী ভাবে রান করতে হয়, সেটা বোঝার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা পরিষ্কার ছিল’।

তিনি আরও বলেন, ‘নেটে যাওয়ার সময় টেকনিক কোনো নির্দিষ্ট পরিবর্তনের কথা মাথায় ছিল না। অনেক বল খেলেছি। কোন গার্ড এবং কোন জায়গায় দাঁড়ালে রান করার সুযোগ বেশি আসবে, সেটাই বোঝার চেষ্টা করেছি। যদিও কোনও কিছুরই নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডে আগে যাঁরা রান করেছেন, তাঁদের ভিডিয়োও দেখেছি’।

নিজের পরিশ্রমের সুফল যে মাঠে পেয়েছেন, তা জানাতে ভোলেননি ভারতীয় ব্যাটার। তাঁর কথায়, ‘কঠোর পরিশ্রম করলে, তার প্রতিফলন পারফরম্যান্সে দেখা যায়’।

সেরা বোলিংয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগকে গুরুত্ব দিলেও অতিরিক্ত উত্তেজিত ছিলেন না রাহুল। বরং বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে নিজেকে পরীক্ষা করার সুযোগ হিসাবেই দেখেছিলেন এই ম্যাচকে।

রাহুল বলেন, ‘আমি কখনও খুব বেশি উত্তেজিত হয়ে পড়ি না। এটা এমন একটা সুযোগ ছিল, যেটা আমি হারাতে চাইনি। এত দিন ধরে টেস্ট ক্রিকেট খেলার পর বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে চ্যালেঞ্জ সামলানোর এমন সুযোগ পাওয়া যায়।’

আরও পড়ুন: ড্রেসিংরুমের ‘খবর ফাঁসের’ অভিযোগে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, এতদিনে মুখ খুললেন সরফরাজ

যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ

ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়েও মুগ্ধ রাহুল। দু’জনে মিলে প্রথম উইকেটে ১৩০ রান যোগ করেন। নিউজিল্যান্ডের মাটিতে ৩২ বছর পর টেস্টে একশোর ওপেনিং পার্টনারশিপ পেল ভারত। এর আগে ১৯৯২-এ নভজ্যোৎ সিং সিধু এবং নয়ন মোঙ্গিয়ার মধ্যে ১০২ রানের পার্টনারশিপ হয়েছিল।

যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করে রাহুল বলেন, ‘যশস্বী অত্যন্ত পরিশ্রমী ক্রিকেটার। ও যে ধরনের আক্রমণাত্মক ব্যাটার হয়ে উঠেছে, তার জন্য প্রচুর অনুশীলন দরকার। এটা আপনা-আপনিই হয়ে যায়নি। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক ভাল। তার প্রভাব মাঠের খেলাতেও পড়ে।’

পিচে স্পিনারদের সাহায্যের ইঙ্গিত

ওয়েলিংটনের পিচে কিছুটা ভাঙন ধরতে শুরু করেছে। কয়েকটি বল নীচু হচ্ছে। তৈরি হচ্ছে রাফ। ফলে পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন, মনে করেন রাহুল। বলেন, ‘কিছু বল নীচু থাকবে। পিচে কিছু রাফ তৈরি হচ্ছে, আমরা যত বেশি বল করব, সেগুলি আরও বড় হতে পারে। আমরা চাই পিচের অবস্থা খারাপ হোক, তবে আমাদের ব্যাটিং শেষ হওয়ার পরে’।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩৬৮ রানে আটকে রাখার পিছনে টস এবং ভারতীয় বোলারদের কৃতিত্বও স্বীকার করেছেন তারকা ওপেনার। তাঁর বক্তব্য, ‘আমরা এখানে আসার পরে ভাবিনি পিচ এ রকম আচরণ করবে। টস গুরুত্বপূর্ণ ছিল। প্রথম সেশনে আমাদের বোলাররা দারুণ বল করেছে। নিউজিল্যান্ডকে ৫৫০ বা ৬০০ রান করতে দেয়নি। ৩৬৮ রান আমরা মেনে নিতে রাজি ছিলাম। কারণ, তাতে পাল্টা রান করার জন্য যথেষ্ট সময় পাওয়া গিয়েছে’।

দেখুন: