• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪১, আহত ২৮, পাল্টা হামলার হুঁশিয়ারি হুথিদের

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, ইয়েমেনের উত্তর সা'দা প্রদেশের বিদ্যুৎকেন্দ্র এবং লোহিত সাগরের উপকূলবর্তী মোচা শহরে সৌদি হামলার জবাবেই পাল্টা আক্রমণ চালানো হয়েছে

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪১, আহত ২৮, পাল্টা হামলার হুঁশিয়ারি হুথিদের

Image: IANS

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন শিশু এবং সাত জন মহিলা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় এই হামলা হয়েছে বলে দাবি করেছে  হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে আল-মাসিরা টিভি। হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন শিশু রয়েছে।

আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য দপ্তরে দেওয়া তথ্যের ভিত্তিতে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে আল-মাসিরা। তবে কোন কোন এলাকায় হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, সৌদি হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, ইয়েমেনের উত্তর সা’দা প্রদেশের বিদ্যুৎকেন্দ্র এবং লোহিত সাগরের উপকূলবর্তী মোচা শহরে সৌদি হামলার জবাবেই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

আরও পড়ুন: পন্নুকে খুনের ষড়যন্ত্রে আমেরিকায় ১৯ বছরের কারাদণ্ড নিখিল গুপ্তের, ১ লক্ষ ডলারের সুপারির তথ্য প্রকাশ বিচার বিভাগের

শুক্রবার হোদেইদা বন্দরে হামলার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। ইয়েমেনের বন্দর বা বিদ্যুৎ পরিকাঠামোয় ভবিষ্যতে ফের হামলা হলে সৌদি আরবের একই ধরনের পরিকাঠামোয় পাল্টা আঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সারিয়া।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেন থেকে জাজান লক্ষ্য করে ছোঁড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। সেখানে পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য দেয়নি জোট।

আরও পড়ুন: ফ্লাইদুবাই কাণ্ডে ভারতের যোগসূত্র খুঁজছে এনআইএ, আমিরশাহিকে চিঠি

এদিকে, হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে সংঘাতে জড়াচ্ছে হুথিরা। সাম্প্রতিক সৌদি আরবের বিমানবন্দর, তেল পরিকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তারা। পাল্টা ইয়েমেনের বিভিন্ন জনবসতি ও পরিকাঠামোয় সৌদি বিমান হামলা বেড়েছে বলে দাবি হুথি সংবাদমাধ্যমের।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের রাজধানী সানা-সহ দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে চলে যায়। এর পর ২০১৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অভিযানে নামে। তারপর থেকেই গৃহযুদ্ধ ও সংঘাতে বিপর্যস্ত ইয়েমেন।

দেখুন: