• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

সিরাজ-বিতর্কে মুখ খুললেন কপিল, নির্বাচকদেরই দায়ী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, অবাক অতুল ওয়াসন

ভারত অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, দল নির্বাচন সহজ ছিল না। প্রায় এক সপ্তাহ ধরে সেরা কম্বিনেশন নিয়ে আলোচনা হয়েছে

সিরাজ-বিতর্কে মুখ খুললেন কপিল, নির্বাচকদেরই দায়ী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, অবাক অতুল ওয়াসন

Kapil Dev-Atul Wasson Photo-SNS

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। ক্রিকেটীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সেই আবহে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তবে সিরাজের দলে থাকা বা না-থাকা নিয়ে সরাসরি কোনও রায় দিতে চাননি ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক। বরং দল নির্বাচনের দায়িত্ব যাঁদের, তাঁদের উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি।

সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে কপিল বলেন, ‘নির্বাচকদের জিজ্ঞাসা করুন। আমি কে? দেখুন, আমাদের মতো মানুষদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। যাঁদের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তর তাঁদেরই দেওয়া উচিত। আমার মনে হয়, তাঁরা খুব ভাল কাজ করছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়।’

শুধু তা-ই নয়, ভারতীয় ক্রিকেটের নির্বাচনপ্রক্রিয়া নিয়েও আস্থা প্রকাশ করেছেন কপিল। তাঁর কথায়, ‘কোনও ব্যবস্থার সমালোচনা করা যায় না, কারণ সেই ব্যবস্থা নির্দিষ্ট নিয়ম মেনেই তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট ভাল করছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরাজকে আমার ভাল লাগে। কিন্তু দল বেছে নেওয়ার দায়িত্ব নির্বাচক, ম্যানেজার এবং অধিনায়কের। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনও গুরুত্ব থাকা উচিত নয়। সংস্থা কী পরিকল্পনা করছে, সেটাই আসল।’

কপিলের এই মন্তব্য এমন সময়ে, যখন সিরাজের বাদ পড়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, ভাল পারফরম্যান্স সত্ত্বেও শুধু নামের কারণে সিরাজকে দলে জায়গা দেওয়া হয়নি। মাসুদের বক্তব্য, ‘ভাল খেলার পরেও যদি তাঁকে দলে নেওয়া না হয়, তা হলে বৈষম্য স্পষ্ট। তাঁর নাম ‘সিরাজ’, আর সেই কারণেই বোধহয় তাঁকে জায়গা দেওয়া হয়নি।’

এই অভিযোগ ঘিরে পাল্টা সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারী কংগ্রেসের বিরুদ্ধে ক্রিকেটের দল নির্বাচনেও ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও বৈষম্যের অভিযোগ খারিজ করে জানিয়েছেন, দেশে সুযোগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতেই। ধর্ম বা জাতের ভিত্তিতে নয়।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসন ইমরান মাসুদের সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন। তবে যে বোলার সাম্প্রতিক সময়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন, তাঁকে বাদ দেওয়ার ক্রিকেটীয় যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসন।

ওয়াসনের মতে, সিরাজের সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কথা মাথায় রাখলে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত বোঝা কঠিন। তবে দল নির্বাচনের সঙ্গে ধর্মকে জড়িয়ে দেওয়াকে তিনি সমর্থন করেন না।

ওয়াসন বলেন, ‘প্রথমত, দলের কোচ এবং ম্যানেজমেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। কিন্তু আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে বলছি, সিদ্ধান্তটি ঠিক না ভুল, তা বুঝতে পারছি না। মহম্মদ সিরাজের মতো একজন বোলার এত ম্যাচ খেলেছেন। তাঁকে বসিয়ে রাখার অর্থ নিশ্চয়ই কোনও চোটের সমস্যা রয়েছে। যদি তা না হয়, তা হলে এটা বড় ভুল।’

তিনি আরও বলেন, ‘পরে কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু আগের ম্যাচে তো সিরাজই ম্যাচ জিতিয়েছিল। তার পরের ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে না! শেষ এক দিনের ম্যাচেও ও খেলেছে। আমার মনে হয়েছে, সিরাজ পুরোপুরি প্রস্তুত এবং ভাল ফর্মেও রয়েছে। তাই কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা বুঝতে পারছি না।’

গৌতম গম্ভীরের দল পরিচালনার ধরন নিয়েও মন্তব্য করেছেন ওয়াসন। তাঁর কথায়, ‘গৌতম গম্ভীরের একটা নিজস্ব ধরন রয়েছে। আমার মনে হয়, ও নতুন ক্রিকেটারদের তৈরি করতে চায়। কিন্তু তার জন্য যারা দলকে এত দূর নিয়ে এসেছে, তাদের অবহেলা করা উচিত নয়। বিষয়টি আমার কাছে একটু অদ্ভুত লেগেছে।’

সিরাজের বাদ পড়া নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কর এবং রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররাও। প্রথম টেস্টে ভারত চার পেসার নিয়ে খেললেও তাঁদের মধ্যে ছিলেন না সিরাজ। জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অংশুল কম্বোজ।

ভারত অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, দল নির্বাচন সহজ ছিল না। প্রায় এক সপ্তাহ ধরে সেরা কম্বিনেশন নিয়ে আলোচনা হয়েছে। ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও স্পষ্ট করেছেন, সিরাজের পারফরম্যান্স বা ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। দলের প্রয়োজন এবং পরিস্থিতি বিচার করেই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে।

কপিল, অতুলের বক্তব্যে তাই স্পষ্ট, সিরাজের বাদ পড়া নিয়ে ব্যক্তিগত মতামতের চেয়ে নির্বাচকদের সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে হবে।