• facebook
  • twitter
Thursday, 26 March, 2026

কেরল ম্যাচে কোচ অস্কারের ভাবনায় সাউল ক্রেসপো

আগামী শনিবার কেরলের বিপক্ষে স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো'কে মাঠে নামাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।

আগামী শনিবার আইএসএলের পঞ্চম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। শেষ দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করে কিছুটা হলেও চাপে লাল-হলুদ ব্রিগেড। তাই, কেরল ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ফুটবলারদের তরতাজা করতে গোয়া ম্যাচ শেষে দলকে তিনদিনের ছুটি দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। সেই ছুটি কাটিয়ে আগামী মঙ্গলবার থেকে কেরল ম্যাচের প্রস্তুতি শুরু করবে মহেশ, জিকসন’রা। তবে, দক্ষিণী দলটির বিপক্ষে নামার আগে অস্কারের চিন্তা ক্রমশ বাড়াচ্ছে দলের মাঝমাঠ। জামশেদপুরের পর গোয়া ম্যাচেও মিগুয়েলকে পরিকল্পনা করে আটকে দেওয়ায় মাঝমাঠ থেকে খেলাই তৈরী হয়নি ইস্টবেঙ্গলের। যার ফল ভুগতে হয়েছে দলকে।

প্রতিপক্ষের জোনাল মার্কিং কেটে একবারের জন্যও বেরোতে পারেননি মিগুয়েল। এই পরিস্থিতিতে, আগামী শনিবার কেরলের বিপক্ষে স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো’কে মাঠে নামাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। আসলে, ইস্টবেঙ্গল দলের মূল শক্তি হলো মাঝমাঠ। কিন্তু, চোটের জন্য সাউলের অনুপস্থিতিতে অস্কারের পরিকল্পনা বারবার ধাক্কা খাচ্ছে। তাই যে কোনও মূল্যে আগামী শনিবার কেরলের বিপক্ষে স্প্যানিশ এই মিডফিল্ডারকে মাঠে ফেরাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। কারণ, সাউল ফিরলে মিগুয়েলের ওপর চাপ অনেকটাই কমবে। সেক্ষেত্রে, নবাগত ড্যানিশ স্ট্রাইকার সজবার্গকে প্রতিপক্ষের আপফ্রন্টে ব্যবহার করতে পারবেন অস্কার। আসলে, এখনও অবধি তিনিও সেভাবে নজর কাড়তে পারেননি।

Advertisement

এদিকে, পরপর দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করে কিছুটা হলেও চাপে রয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাই, আপাতত কেরল ম্যাচকেই পাখির চোখ করেছেন তিনি। সেলক্ষ্যে, আগামী মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন সারবে দল। কেরলের বিরুদ্ধে জিতে জয়ের সরণিতে ফিরে আসাই এখন প্রধান লক্ষ্য অস্কারের।

Advertisement

Advertisement