আজ আইএসএলের তৃতীয় ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। লাল – হলুদের মতোই নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে ওয়েন কয়েলের দলও। ফলে, স্বাভাবিকভাবেই রশিদ, আনোয়ারদের জন্য লড়াইটা খুব একটা সহজ হবে না। তার উপর জামশেদপুরে রয়েছে মাদি তালাল, মেসি বাউলি, সার্থক গোলুই’য়ের মত ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন ফুটবলার। যদিও, এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচকে স্বস্তি দিচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরার সুস্থ হয়ে ওঠা। জামশেদপুরের বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি তৈরী তিনি।
বৃহস্পতিবার শেষমুহূর্তের অনুশীলনেও দলের সঙ্গে চুটিয়ে প্রস্তুতি সারলেন তিনি। সাউল এদিন প্র্যাকটিস না করলেও, চোট কাটিয়ে অনেকটাই ফিট নাওরেম মহেশও। তবে, ক্রেস্পোর জন্যও ম্যাচের দিন সকাল অবধি অপেক্ষা করতে চান অস্কার। বাকি দল মোটামুটি ফিট। তাই প্রতিপক্ষ নিয়ে বিশেষ না ভেবে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া তিনি। আইএসএলের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। দলের খেলায় স্বাভাবিকভাবেই খুশি অস্কার। বলেন, দল ক্রমাগত উন্নতি করছে। পাশাপাশি, প্রতিপক্ষ জামশেদপুরকেও যথেষ্ট সমীহ করছেন তিনি। লাল হলুদ কোচের মতে, জামশেদপুর শক্তিশালী দল। দলে মাদি তালালের মত গেম মেকার রয়েছেন। এছাড়াও, মেসি বাউলী, প্রণয় হালদারের মত অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাই লড়াইটা তাঁর দলের জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করছেন অস্কার। তবে, ইস্টবেঙ্গল কোচ আশাবাদী এই ম্যাচেও তাঁর দল যথেষ্ট ভালো ফুটবল উপহার দেবে।
Advertisement
এদিকে, প্রতিপক্ষ দলে রয়েছেন একদা ইস্টবেঙ্গল মাঝমাঠের স্তম্ভ মাদি তালাল। বর্তমানে জমশেদপুরের হয়ে ফুল ফোটাচ্ছেন তিনি। তাঁকে ছেড়ে দেওয়া নিয়ে কি কোনও আক্ষেপ রয়েছে অস্কারের ? লাল হলুদ কোচের স্পষ্ট বক্তব্য, সেই সময় তালালের চোট লেগেছিল। যেটা সারতে অনেকটা সময় লাগত। তাই, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এনিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই বলেই জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে, তালালকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানালেন অস্কার।
Advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে নিজের চোট নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল অধিনায়ক সাউল ক্রেসপো। জানালেন, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। শুক্রবার সকালে তাঁর স্ক্যান রিপোর্ট আসবে। তারপরেই জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে, তাঁর দল নিয়ে সংবাদমাধ্যমে ক্রমাগত ভুল খবর ছড়ানোয় বেশ ক্ষুব্ধ ইস্টবেঙ্গল অধিনায়ক। জানালেন, দলের কোচ ফুটবলারদের সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে।
কিন্তু, দলের ভিতরে কোনওরকম সমস্যা নেই। খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক বেশ ভালো l স্প্যানিশ এই মিডফিল্ডার আরও বলেন, এই মরসুমে চারটে টুর্নামেন্টে মিলিয়ে এখনও অবধি মাত্র একটা ম্যাচে মাঠে নামেননি তিনি। তা স্বত্বেও তাঁকে নিয়ে যে ভুল খবর ছড়ানো হচ্ছে, বিশেষ করে কোচের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তাতেই বেজায় চটেছেন সাউল। তাই, না জেনে যাতে ভুল খবর ছড়ানো না হয় সেই অনুরোধ করলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্রেসপো। এমনকি, বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ অস্কারও।
Advertisement



