• facebook
  • twitter
  • youtube
Wednesday, 16 September, 2026

সমালোচনা খারাপ লাগে, স্বীকার সঞ্জুর আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলে শোনালেন ‘ওয়াই-ফাই’ বন্ধ রাখার গল্প

পঞ্চম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারেই সঞ্জু মারেন তিনটি চার এবং একটি ছক্কা। আসে ২০ রান। পরের ওভারে আরও গতি

সমালোচনা খারাপ লাগে, স্বীকার সঞ্জুর আফগানিস্তানের বিরুদ্ধে  ব্যাটে ঝড় তুলে শোনালেন ‘ওয়াই-ফাই’ বন্ধ রাখার গল্প

Sanju Samson Photo-SNS

দিল্লিতে ব্যাট হাতে ঝড় তুলে নিজের সমালোচকদের জবাব দিলেন সঞ্জু স্যামসন। কিন্তু ম্যাচের পর ভারতীয় উইকেটকিপার-ব্যাটার বুঝিয়ে দিলেন, বাইরে থেকে আসা কথাবার্তা তাঁকে একেবারেই প্রভাবিত করে না—এমন নয়। তিনি মানুষ, মেশিন নন। তাই খারাপও লাগে। তবে সেই চাপ সামলে মাঠে কী করতে হবে, অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২২ বলে ৫৭ রান করেন সঞ্জু। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদেই সহজে সাত উইকেটে ম্যাচ জেতে ভারত। টানা পাঁচটি ইনিংসে ব্যর্থতার পর এই ইনিংসটি খেলেন তিনি। ফলে ম্যাচের আগে তাঁর জায়গা নিয়ে যে প্রশ্ন উঠছিল, ব্যাট হাতে তারই জবাব দেন সঞ্জু।

দেশ জোড়া সমালোচনা কী ভাবে সামলান? তার পদ্ধতি নিয়ে সঞ্জু বলেন, ‘আমি ওয়াই-ফাই বন্ধ রাখার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও সেই ওয়াই-ফাই আবার চালুও হয়ে যায়, কিছু মন্তব্য চোখে পড়ে।’

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে যেন উত্তর দেওয়ার রাত ছিল সঞ্জু স্যামসনের। মাত্র ২২ বলে ৫৭ রান। আর সেই ঝড়েই আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ভারত।

দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। আগের ম্যাচগুলিতে প্রত্যাশা অনুযায়ী রান না পাওয়ায় সঞ্জুকে ঘিরে তৈরি হয়েছিল চাপ। কিন্তু দিল্লিতে শুরু থেকেই সেই চাপকে উড়িয়ে দেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। সঙ্গে ছিলেন অভিষেক শর্মা। দু’জনে মিলে পাওয়ার প্লে-তেই তুলে ফেলেন ৮২ রান।

পঞ্চম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারেই সঞ্জু মারেন তিনটি চার এবং একটি ছক্কা। আসে ২০ রান। পরের ওভারে আরও গতি। সঞ্জুর ব্যাট থেকে দু’টি ছক্কা ও দু’টি চার, অভিষেকও মারেন একটি ছক্কা। সঞ্জু থামেন মাত্র ২২ বলে ৫৭ রানে। অভিষেক করেন ১৯ বলে ৩৯।

ইশান কিশন ৩৮ রানে অপরাজিত থেকে এবং তিলক বর্মা ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মাত্র ১৪.৫ ওভারে ১৬৩/৩ তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

তার আগে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১৫৯/৮-এর বেশি করতে পারেনি আফগানিস্তান।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল নীতীশ কুমার রেড্ডি। তিন ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আর্শদীপ সিং পান দু’টি উইকেট। জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল এবং রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন।

ম্যাচে ভারতের একমাত্র পরিবর্তন ছিল বিষ্ণোইকে খেলানো। সাইড স্ট্রেনের কারণে বাকি সিরিজ থেকে ছিটকে যাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় দলে ঢোকেন তিনি।

জয়ের পর সঞ্জুর বক্তব্য, ক্রিকেটারদের নিয়ে কে কী বলবেন, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। সঞ্জু বলেন, ‘কিছু সিনিয়র ক্রিকেটার কিছু বলেন, কেউ আবার কিছু বলেন না। এটা খুব স্বাভাবিক। তাঁরা কী বলবেন, কোন শব্দ ব্যবহার করবেন, সেটা তাঁদের ব্যাপার। তাঁরা ইতিবাচক ভাবে কথা বলতে পারেন, আবার নেতিবাচক কথাও বলতে পারেন। কী ভাবে এই সব সামলাতে হয়, সেটা বোঝার মতো পরিণত এবং অভিজ্ঞ আমি হয়ে গিয়েছি।’

তবে সেই অভিজ্ঞতা থাকলেও সমালোচনায় যে একেবারেই কষ্ট হয় না, তা বলছেন না সঞ্জু। বরং বেশ খোলাখুলি বললেন, ‘খারাপ অবশ্যই লাগে। আমি তো মেশিন নই, রোবটও নই। স্বাভাবিক ভাবেই একটু প্রভাবিত হই। কিন্তু তার পরে নিজেকেই বোঝানোর চেষ্টা করি—তুমি কে এবং তোমার কী করা দরকার।’

ভারতীয় ক্রিকেটারদের উপর প্রত্যাশা এবং নজরদারি যে অন্য রকম, সেটাও মেনে নিয়েছেন সঞ্জু। তাঁর মতে, বাইরের কথাবার্তা পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আসল ব্যাপার হল নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকা।

সঞ্জু বলেন, ‘ভারতের ক্রিকেটারদের উপর বাইরের কথাবার্তার প্রভাব পড়ে। কিন্তু নিজের মানসিকতা নিয়ে খুব পরিষ্কার থাকতে হবে। কী ভাবে প্রস্তুতি নেবে, কী ভাবে খেলবে—সেটা ঠিক রাখতে হবে।’

আর সেই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় বাইরের আওয়াজ মাথায় ঢুকতে দেননি। তাঁর কথায়, ‘আমি যদি ওই সব কথায় মন দিতাম, তা হলে এ ভাবে ব্যাট করতে পারতাম না। বল মারার আগে দশ বার ভাবতাম। বল ব্যাটে লেগে বাইরে চলে গেলে আবার ওয়াই-ফাই সমস্যা শুরু হত।’

অর্থাৎ, সঞ্জুর লড়াইটা শুধু প্রতিপক্ষের বোলারের বিরুদ্ধে নয়—বাইরের শব্দের বিরুদ্ধেও। দিল্লিতে ২২ বলে ৫৭ রানের ইনিংস দিয়ে আপাতত সেই লড়াইয়ে নিজের জবাব দিয়ে রাখলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।