গত ১৫ বছরে এ রাজ্যের সরকার যা করেনি বলে অভিযোগ উঠেছে বারবার, অর্থাৎ, খেলাধুলার পরিকাঠামোর উন্নতি, খেলোয়াড়দের যথেষ্ট গুরুত্ব দেওয়া এবং তাদের গড়ে তুলতে সাহায্য করা, নতুন সরকার সেই কাজেই মন দেবে, জানিয়ে দিলেন রাজ্যের নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ। মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিশ্রুতিই দিলেন তিনি।
এ দিন সন্ধ্যায় ময়দানে ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ করতে হবে। বিগত সরকার কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রীড়া পরিকাঠামোগুলির যে বেহাল দশা করেছে, সেগুলোকে মেরামত করে খেলার উপযুক্ত করে তোলাই আমাদের প্রথম কাজ। এই কাজ শুরু হয়ে গেলে সারা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা যাতে সঠিক সুযোগ পায় এবং সঠিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পায় সেই পদক্ষেপও নেওয়া হবে’।
মন্ত্রী হিসেবে ক্রীড়া দপ্তরের দায়িত্ব নেওয়ার পর বাংলার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের উজ্জ্বল তারকাদের সঙ্গে কথা বলেছেন ইন্দ্রনীল। বিভিন্ন খেলার বর্তমান অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। জানালেন, বুধবার দেখা করবেন ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের সঙ্গে। পরে সৌরভ গাঙ্গুলি, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, পৌলমী ঘটকের মতো দেশের নাম উজ্জ্বল করে তোলা ক্রীড়া তারকাদের সঙ্গেও বৈঠকে বসে তাদের মতামতও নিতে চান রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এঁদের সবার মতামত নিয়ে, তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করতে চাই আমি’।
সম্প্রতি স্থানীয় ক্রিকেট মাঠে বেলাগাম দুর্নীতি নিয়ে তাঁকে চিঠি দিয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। এই নিয়ে বিস্তারিত কথা বলতে তিনি অভিষেক ডালমিয়ার সঙ্গেও দেখা করতে চান। সিএবি নিয়ে যে সমস্ত অভিযোগ উঠে এসেছে সেগুলি খতিয়ে দেখার পরিকল্পনার কথাও জানান ইন্দ্রনীল। তবে রাজ্যের খেলাধুলায় সার্বিক উন্নতির জন্য সময় চান নয়া ক্রীড়ামন্ত্রী। বলেন, ‘আগের সরকার খেলাধুলার উন্নতি তো করেইনি, উল্টে আরও ক্ষতি করে দিয়ে গিয়েছে। আমাদের তাই বিপুল পরিমান কাজ করতে হবে।এই কাজ করতে অনেক সময় লাগবে। এর মধ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনাও রয়েছে, যা আমাদের সংকল্প-পত্রে ছিল। এমন অনেক কাজই করতে হবে। সবার আগে রাজ্যের খেলাধুলাকে দুর্নীতিমু্ক্ত করতে হবে। এসব করার পর আমাদের খেলাধুলা ও খেলোয়াড়দের উন্নতির কাজ শুরু করতে হবে। বুঝতেই পারছেন কত কাজ। তাই সময় তো লাগবেই’। তাঁর মাথায় অনেক পরিকল্পনা। কী ভাবে সেগুলি বাস্তাবায়িত করবেন, এখন তারই নীল নকশা তৈরি করছেন রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী। সবার সহযোগিতা নিয়ে কতটা এগোতে পারেন, এখন সেটাই দেখার।




