• facebook
  • twitter
  • youtube
Sunday, 1 November, 2026

শেষ মুহূর্তে গোল নেলসনের, মহমেডানকে হারিয়ে আইএফএল অভিযান শুরু শিলং লাজংয়ের

এর পর একাধিক বার শিলংকে গোল করতে বাধা দেন ডেকা। ৭৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ট্রেমিকি লামুরংয়ের জোরালো শট আটকে দেন তিনি। ৮৫ মিনিটে কেনস্টার খারশংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

শেষ মুহূর্তে গোল নেলসনের, মহমেডানকে হারিয়ে আইএফএল অভিযান শুরু শিলং লাজংয়ের

Photo: X

ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। মনে হচ্ছিল, গোলশূন্য ড্র দিয়েই নতুন মরসুম শুরু করতে চলেছে মহমেডান স্পোর্টিং ও শিলং লাজং এফসি। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দিলেন পরিবর্ত হিসেবে নামা নেলসন রিমবাই। তাঁর গোলেই কলকাতা থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরল শিলং লাজং। শনিবার কল্যাণী স্টেডিয়ামে আইএফএলের প্রথম ম্যাচে মহমেডানকে ১-০ হারাল উত্তর-পূর্বের দলটি।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শিলংয়ের হাতে। বলের দখল রেখে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিলেন জোটা, দামাইথফাং লিংডোরা। অন্য দিকে, রক্ষণ সামলে প্রতি আক্রমণে গোলের চেষ্টা করছিল মহমেডান।

২০ মিনিটে জোয়েডসন দোস স্যান্টোসের জোরালো শট সামলাতে সমস্যায় পড়েন মহমেডান গোলরক্ষক নিখিল ডেকা। ৪১ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ পান এভারব্রাইটসন সানা। একা গোলরক্ষককে পেয়েও তাঁকে পরাস্ত করতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে মহিতোষ রায়ের শট দুরন্ত দক্ষতায় বাঁচান শিলং গোলরক্ষক রণিত সরকার।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দলই। ৫২ মিনিটে মহিতোষের দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে যায়। ৫৮ মিনিটে থোকচোম অ্যাডিসন সিংয়ের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে মহমেডান গোলের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু ম্যাক্সিয়নের শট নেওয়ার আগেই দুর্দান্ত ট্যাকলে বিপদমুক্ত করেন ওভারকাইন্ডনেস।

এর পর একাধিক বার শিলংকে গোল করতে বাধা দেন ডেকা। ৭৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ট্রেমিকি লামুরংয়ের জোরালো শট আটকে দেন তিনি। ৮৫ মিনিটে কেনস্টার খারশংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

৮৯ মিনিটে মহিতোষের ফ্রিকিক অল্পের জন্য বাইরে যাওয়ার পরই আসে ম্যাচের একমাত্র গোল। মহমেডানের বক্সের কাছে বল দখল করে এগিয়ে যান পরিবর্ত হিসেবে নামা আবেলসন জাচি। তাঁর বাড়ানো বল ধরে ডান পায়ের নিখুঁত শটে জালে পাঠান নেলসন রিমবাই।

সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ডেকার বাধায় তা হয়নি। তবে তাতে জয় আটকায়নি। শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে আইএফএল অভিযান শুরু করল শিলং লাজং।