• facebook
  • twitter
  • youtube
Sunday, 1 November, 2026

বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ শ্রমিকের

উদ্ধারকাজের সুবিধার জন্য ইলেকট্রিক কাটার দিয়ে চেম্বারের একটি অংশ কেটে আটকে পড়া কর্মীদের বাইরে বের করা হয়। পুলিশকর্মীরা তাঁদের বাঁচাতে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত চারজনকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ শ্রমিকের

Photo: ANI

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি হোটেলের ভূগর্ভস্থ বর্জ্য পরিষ্কারের কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজন কর্মীর। শনিবার রাতে দেওয়াস রোডের হোটেল শ্রী গঙ্গায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমলেশ, নীতিন, ওয়াহিদ ও মনোজ মীনার। দুর্ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন উজ্জয়িনীর ও একজন রাজস্থানের ঝালাওয়ারের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ হোটেলের মিষ্টি ও দুগ্ধজাত পণ্য তৈরির জায়গা থেকে নির্গত বর্জ্য জমা রাখার একটি গভীর চেম্বার পরিষ্কার করতে নামেন কয়েকজন কর্মী। ওই চেম্বারে খাবারের অবশিষ্টাংশ, জল, চিনি, ঘি ও তেলের মতো বর্জ্য জমা হত।

দীর্ঘদিন ধরে বর্জ্য জমে চেম্বারটি আটকে যাওয়ায় পরিষ্কারের কাজ চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু চেম্বারের ভিতরে নামার পরই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে একের পর এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধারে আরও কয়েকজন ভিতরে ঢুকলে তাঁরাও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজের সুবিধার জন্য ইলেকট্রিক কাটার দিয়ে চেম্বারের একটি অংশ কেটে আটকে পড়া কর্মীদের বাইরে বের করা হয়। পুলিশকর্মীরা তাঁদের বাঁচাতে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত চারজনকে বাঁচানো সম্ভব হয়নি।

উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চেম্বারের ভিতরে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার করতে গিয়ে অন্যরাও গ্যাসের সংস্পর্শে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতি হলেও কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঠিক কী ধরনের গ্যাস থেকে বিপত্তি ঘটল এবং নিরাপত্তাবিধি মেনে পরিষ্কারের কাজ করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।