সুময় সোম। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বাস্তব রায়ের প্রাক্তন ছাত্র। আর সেই সুময় সোমের শেষ মুহূর্তের গোলেই কলকাতা লিগের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-১ ড্র করল মনবীর সিং, সাহাল, আপুইয়া সমৃদ্ধ মোহনবাগান দল। মূলত, ম্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হলো বাস্তব রায়ের দলকে।
হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে লিস্টন কোলাসোকে পায়নি মোহনবাগান। তাঁর জায়গায় বাম দিকের উইংয়ে শুরু করেন অভিষেক সিং। পাশাপাশি প্রথম একাদশে রাখা হয়নি আপুইয়াকেও। তা সত্ত্বেও খেলার শুরু থেকেই দাপট দেখাতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। ২৩ মিনিটে সাহাল আবদুল সামাদ সহজ সুযোগ নষ্ট করেন। পাঁচ মিনিট পরে দীপক টাংরির দূরপাল্লার শট দুরন্ত দক্ষতার সঙ্গে আটকে দেন ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত। ৪৪ মিনিট নাগাদ ফের গোলের সুযোগ নষ্ট করেন সাহাল। এদিন একাই হয়তো হ্যাটট্রিক করতে পারতেন তিনি।
প্রথমার্ধের খেলা গোলশুন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। বরং, খেলার এই অর্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। তবে, বাগান গোলরক্ষক দীপপ্রভাত সচেষ্ট থাকায় গোল পায়নি লালকমল ভৌমিকের দল। পাশাপাশি, সুযোগ পেয়েছিল মোহনবাগানও। সন্দীপ মালিকের ক্রস থেকে মনবীর সিংহের হেড বারের উপর দিয়ে চলে যায়। দিনের সহজতম সুযোগও নষ্ট করেন সেই মনবীর। কিয়ান নাসিরির পাসে প্রতিপক্ষ গোলরক্ষক বল মিস করলে বক্সের মধ্যে ফাঁকায় সুযোগ পেয়েছিলেন পাঞ্জাবী এই স্ট্রাইকার। যদিও, আচমকা পরে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এরপর ৮৯ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের শটও বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সৌরভ।
অবশেষে সংযুক্তি সময়ের প্রথম মিনিটে কিয়ানের কর্নার থেকে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা সন্দীপ মালিক। তখন মনে হচ্ছিল, তিন পয়েন্টের পাশাপাশি খেতাবও যেন অনেকটাই নিশ্চিত। এদিকে, এই গোলের পরেই ইউনাইটেড গোলরক্ষক সৌরভ সামন্তের উদ্দেশ্যে মোহনবাগান গ্যালারি থেকে জলের বোতল ছোঁড়া হলো। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেমন যায়নি, তেমনই লিডও বেশিক্ষন স্থায়ী হয়নি বাগান শিবিরের জন্য। খেলার একেবারে শেষলগ্নে (৯০+৭) সুময় সোমের গোলে সমতা ফেরায় ইউনাইটেড।
এই ম্যাচে ড্রয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে মোহনবাগান। সমান পয়েন্টে দ্বিতীয়স্থানে মহমেডান স্পোর্টিং। শেষ ম্যাচে মহমেডানের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত হয়তো শেষ ম্যাচেই হতে চলেছে এবারের লিগের ফয়সালা।




