জয়ের এত কাছে এসেও শেষ হাসি হাসতে পারল না ভারত ‘এ’ দল। মঙ্গলবার নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের। ব্যাট হাতে পাডিক্কলের অসাধারণ ইনিংসের পরে বল হাতে ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের পেসার অকিব নবি। কিন্তু শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াল খারাপ আলো। দিনের খেলা শেষ হতে তখনও ১৭ ওভার বাকি ছিল।
প্রথম ইনিংসে ভারত ‘এ’ দলকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড ‘এ’। জবাবে ৩১৭ রান তুলে ২০৪ রানের বড় লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভাল হয়নি ভারতের। দলকে টেনে তোলেন দেবদত্ত পাডিক্কল ও সাই সুদর্শন। দু’জনে মিলে বড় জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান। সুদর্শন করেন ৯১। আর পাডিক্কল থামেন ১৯৯-এ। তবে তাঁর ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
পরে যশ রাঠোরের ৬৬ এবং ওয়াশিংটন সুন্দরের ৫২ রানের ইনিংস ভারতকে আরও এগিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে ৫১৬ রান তোলে ভারত ‘এ’। নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩১৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড ‘এ’। নতুন বলে দুরন্ত সুইং ও সিম মুভমেন্ট কাজে লাগিয়ে একের পর এক উইকেট তুলে নেন অকিব নবি। মাত্র ১৪ রানে তিন উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড ‘এ’।
এর পরে ডিন ফক্সক্রফটের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে দলকে সামলানোর চেষ্টা করেন ওপেনার কার্টিস হিপি। ফক্সক্রফট ৪২ রান করে মুকেশ চৌধুরীর বলে আউট হন। তার পর পাডিক্কলের অফস্পিনেও উইকেট পড়তে শুরু করে। দুই উইকেট নেন তিনিও।
শেষ দিকে আকাশ দীপের বলে সাইমন কিন আউট হলে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৭০/৯। ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল আর একটি উইকেট।
এ দিকে আলো কমে আসায় পেসারদের বল করা নিয়ে সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে ভারতীয় শিবিরকে কৌশল বদলাতে হয়। এমনকি মুকেশ চৌধুরীকে অল্প রান-আপ থেকে বাঁহাতি স্পিন করতেও দেখা যায়।
কিন্তু তাতেও লাভ হয়নি। দিনের ১৭ ওভার বাকি থাকতে খারাপ আলোর কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে নিশ্চিত জয়ের সম্ভাবনা তৈরি করেও ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ভারত ‘এ’-কে।
ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হবে ৩১ অক্টোবর, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
*সংক্ষিপ্ত স্কোর:*
*ভারত ‘এ’:* ১১৩ ও ৫১৬। (দেবদত্ত পদিক্কল ১৯৯, সাই সুদর্শন ৯১, যশ রাঠোর ৬৬, ওয়াশিংটন সুন্দর ৫২)
*নিউজিল্যান্ড ‘এ’:* ৩১৭ ও ১৮৭/৯। (কার্টিস হিপি ৯০ অপরাজিত; অকিব নবি ৩/২৮, দেবদত্ত পদিক্কল ২/১১)




