আইএসএলের চতুর্থ ম্যাচে শুক্রবার ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। গত তিনটি ম্যাচ পরপর জিতে জয়ের হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই স্বাভাবিকভাবেই বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। তবে, লিগ টেবিলের শীর্ষে থাকলেও নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামার আগে কিছুটা সাবধানী সবুজ মেরুন কোচ সার্জিও লোবেরো। তিন ম্যাচে ন’পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে মোহনবাগান। যদিও, এই ম্যাচে নামার আগে যাতে দলকে আত্মতুষ্টি গ্রাস না করে সেদিকে বেশ সতর্ক কোচ লোবেরো।
তবে এই ম্যাচে নামার আগে লোবেরোকে কিছুটা হলেও চিন্তায় রাখছে ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর চোট। যদিও, তাঁর জন্য মাঠে নামা পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ। এদিকে, প্রায় প্রতি ম্যাচেই রবসন চোট নিয়ে মাঠ ছাড়ার তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও, বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন লোবেরো। পাশাপাশি, প্রাক্তন দলের বিরুদ্ধে এই ম্যাচটা যে তাঁর কাছে একটু স্পেশাল হতে চলেছে, সেকথাও জানাতে ভুললেন না তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ওড়িশার হয়ে অনেক সাফল্য পেয়েছেন। তাই, দল নিয়ে তাঁর মনে একটা আলাদা জায়গা অবশ্যই রয়েছে। পেশাদার কোচ হিসেবে এই ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তিনি। প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না লোবেরো। বরং, প্রতিপক্ষকে বিশেষ সমীহ করে মাঠে নামতে চান তিনি। ওড়িশাকে গুরুত্ব দিয়ে কোচ বলেছেন, প্রতিপক্ষ ভালো দল। নতুন কোচের অধীনে বেশ ভালো ফুটবল খেলছে তারা। দলে বেশকিছু ভালো ফুটবলার রয়েছেন। ফলে, ম্যাচটি বেশ লড়াইয়ের মধ্যে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Advertisement
অন্যদিকে, প্রায় একই সুর শোনা গেল মোহনবাগান ডিফেন্ডার টম অলড্রেডের মুখেও। নতুন কোচের অধীনে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। তবে, সেটা নিয়ে কোনও আপসোস নেই তাঁর। বরং, পরিবর্ত হিসেবে নেমে দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ খুশি। একইসঙ্গে, মোহনবাগান দলের একমাত্র নেতা যে কোচ লোবেরো, সে কথা জানাতেও ভুললেন না তিনি। আর সেই নেতার নেতৃত্বেই এবার ওড়িশা বধ করে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির।
Advertisement
ওড়িশার একমাত্র বিদেশি ফুটবলার কার্লোস দেলগাদো। বাকিরা লোনে এ দিক-ও দিক চলে গিয়েছেন। সেই দলের সম্পর্কে লোবেরো বলেছেন, ‘কোনও দলে ভারতীয় ফুটবলারদের সঙ্গে ভাল মানের বিদেশি থাকলে সেই দলের শক্তি বেশি থাকে। তবে কোনও দল বিদেশি কম বলে সে দুর্বল, সেটা ভাবলে চলবে না। ওড়িশায় ভাল মানের ফুটবলের রয়েছে।’ ওড়িশ এফসি দলের কোচও চাইবেন অঙ্ক কষে মোহনবাগানের আক্রমণকে ভেস্তে দেওয়া। সেই অবসরে ওড়িশার খেলোয়াড়রাও প্রতিপক্ষ দলের রক্ষণভাগে প্রবেশ করে গোল করার উৎস রচনা করবেন। আর কোনও সুযোগ হাতছাড়া করা চলবে না। তিনি আরও বলেছেন, মনে রাখতে হবে, মোহনবাগানের বাড়তি প্রেরণা হবেন দর্শকরা। তাই মানসিক দিক দিয়ে পুরো দলটাকে এগিয়ে থাকতে হবে।
আক্রমণ ও প্রতিহত করার মন্ত্রটাই হবে খেলোয়াড়দের সবচেয়ে বড় হাতিয়ার। আগেই জানানো হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিট তুলে দিয়েছেন। তাই উপচে পড়া ভিড়ে যুবভারতী ক্রীড়াঙ্গণ মেতে উঠবে সবুজ-মেরুন ব্রিগেডের জয়ধ্বনিতে।
Advertisement



