ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই জর্ডনের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচের দল নির্বাচন নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটালেন কোচ লিওনেল স্কালোনি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে প্রথম একাদশে থাকবেন না।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মেসির খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনার ৯১ বছর বয়সী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, “লিও (মেসি) প্রথম এগারোয় থাকবে না। আপনার প্রশ্নের উত্তর দেব। কারণ, আপনাকে এই প্রশ্নের আন্তরিক জবাব দেওয়া উচিত বলেই মনে করি আমি। মেসি ম্যাচের পরের দিকে নামতে পারে। শুরু থেকে খেলবে না।” স্কালোনির এই ঘোষণার ফলে পরিষ্কার হয়ে গেল, নকআউট পর্বের আগে মেসিকে বিশ্রাম দেওয়ার পথেই হাঁটছে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সি এই তারকা ইতিমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচে দলের পাঁচটি গোলই করেছেন। তাই শেষ গ্রুপ ম্যাচে তাঁকে অযথা ঝুঁকির মধ্যে ফেলতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। দলের খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা নিয়ে সমালোচনারও জবাব দিয়েছেন স্কালোনি। তাঁর কথায়, “যারা কাল খেলবে, তারাও এই সুযোগের সম্পূর্ণ যোগ্য। তারা গোটা প্রক্রিয়ার অংশ ছিল। আমরা যা কিছু সাফল্য পেয়েছি, তার কৃতিত্ব শুধু যারা মাঠে নেমেছে তাদের নয়, যারা খেলেনি অথচ পরদিন সবার আগে অনুশীলনে এসেছে, তাদেরও।”
এছাড়া দুর্বল দল নামানোর অভিযোগও উড়িয়ে দেন আর্জেন্টিনার কোচ।বলেন, “এটা দুর্বল দল নয়। আমাদের পুরো স্কোয়াডই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ভালো সময় হোক বা কঠিন সময়—দলই আমাদের এগিয়ে নিয়ে যায়। তাই যারা সুযোগ পাবে, তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” জর্ডন ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনি।তিনি বলেন, “ওরা নিশ্চয়ই নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে খেলবে এবং পাল্টা আক্রমণের চেষ্টা করবে। আমাদের ধৈর্য ধরে খেলতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে কৌশলও বদলাতে হতে পারে।”
ভবিষ্যতে নকআউটে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান, এমন প্রশ্নও উঠেছিল সাংবাদিক বৈঠকে। কিন্তু সেই প্রসঙ্গ এড়িয়ে যান স্কালোনি।
তাঁর বক্তব্য, “কোন দলকে চাই বা চাই না, সেটা বলা প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক হবে। এই বিশ্বকাপে কোনও ম্যাচই সহজ নয়। আমরা শুধু নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছি।” বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে এটি স্কালোনির শততম ম্যাচও হতে চলেছে। এই মাইলফলক নিয়ে তিনি বলেন, “এটা আমার কাছে গর্বের বিষয়। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় সম্মান। শততম ম্যাচে পৌঁছতে পারব, কখনও ভাবিনি।” আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই জর্ডনের বিরুদ্ধে ম্যাচটি মূলত নকআউটের আগে স্কোয়াডের অন্যান্য ফুটবলারদের পরীক্ষা করে দেখার সুযোগ হিসেবেই ব্যবহার করতে চাইছেন স্কালোনি।




