বৈভব সূর্যবংশীর ঝোড়ো শুরু, অভিষেক শর্মা ও অধিনায়ক তিলক বর্মার অর্ধশতরান—তার পর শেষ দিকে শাহবাজ আহমেদের অপরাজিত ইনিংস। রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তুলল ভারত ‘এ’। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ এই লেখার সময় পর্যন্ত ১৪ ওভারে তুলেছে বিনা উইকেটে ১২৭।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিলক। শুরুটা ছিল আক্রমণাত্মক। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করা বৈভব এ দিনও দ্রুত রান তুলতে থাকেন। তবে ২৬ বলে ৪০ রান করে থেমে যান তিনি। চারটি চার ও তিনটি ছয় ছিল তাঁর ইনিংসে। অষ্টম ওভারে জনিথ লিয়ানাগের শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন বৈভব। বলটি আকাশে উঠে গেলে মিড-অনে ক্যাচ নেন লাসিথ ক্রুসপুলে।
প্রথম উইকেটে বৈভব ও অভিষেক যোগ করেন ৮০ রান। দ্বিতীয় উইকেটে অভিষেক ও তিলকের জুটি আরও ৭৯ রান যোগ করে। অভিষেক ৬৩ বলে ৭৮ রান করেন—১১টি চার ও একটি ছক্কার সাহায্যে। লাহিরু সমরাকুনের স্লোয়ারে লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিলক করেন ৬৬ বলে ৫৩, তিনটি চার ও একটি ছক্কা মেরে। রবিন্দু ফার্নান্দোর বলে সুইপ করতে গিয়ে আউট হন ভারত ‘এ’ অধিনায়ক।
দুই সেট ব্যাটারের বিদায়ের পর নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ২৩৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ইনিংস সামলান শাহবাজ ও তনুশ কোটিয়ান। সপ্তম উইকেটে তাঁদের ৭৩ রানের জুটি ভারতকে ফের লড়াইয়ে ফেরায়। কোটিয়ান করেন ২৮ রান। শাহবাজ ৪৮ বলে অপরাজিত ৫৪—চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ৩১৭ রানে থামে ভারতের ইনিংস।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভাল করেছে শ্রীলঙ্কার ‘এ’ দল। দুই ওপেনার লসিথ ক্রুসপুলে সিনেথ জয়বর্ধেনা যথাক্রমে ৪৮ ও ৭৩ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কা ১৪ ওভারে বিনা উইকেটে তুলেছে ১২৭।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ‘এ’ ৩১৭/৮ (৫০ ওভার)—বৈভব ৪০, অভিষেক ৭৮, তিলক ৫৩, শাহবাজ নাদিম ৫৪*; জনিথ লিয়ানাগে ২/৩৭।
দেখুন:




