দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় ও সাংসদ কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ওই দপ্তরে কোনও ভাঙার কাজ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। ভবনটির নির্মাণের বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি পর্যন্ত আপাতত স্বস্তিতে অভিষেকের দপ্তর।
আরও পড়ুন: সংবিধান দিবসে বিরোধীদের নিশানা শুভেন্দুর, জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে আক্রমণ
আমতলার চণ্ডীপুর মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের নির্মাণ অবৈধ বলে গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করে। গত ১৮ জুলাই ভবনের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি আদালতে গড়ায়। ১৬ আগস্ট ছুটির দিনেও বিশেষ এজলাস বসিয়ে ওই ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানিতে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠলেও ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা তাঁর মক্কেলের দপ্তর। এর জন্য ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ
রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র শুনানির জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। পরে আদালত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখে। বৃহস্পতিবারের শুনানিতে সেই মেয়াদ বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে।
দেখুন:




