• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারী অনুযায়ী তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে

বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

Image: File Photo

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদেরর আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকারের তরফে ভরসা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা জানান। বুধবার যোগ্যতা, আর্থিক অনুদানের পরিমাণ এবং আবেদনকারীদের জন্য একাধিক শর্ত জানিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক যুবক-যুবতীরা মাসে ২ হাজার টাকা এবং স্নাতক স্তরের নীচে থাকা যোগ্য আবেদনকারীরা মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারী অনুযায়ী তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অন্তত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

স্নাতক ডিগ্রিধারী যোগ্য আবেদনকারীরা মাসে ২ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, মাধ্যমিক উত্তীর্ণ অথবা স্নাতক স্তরের পড়াশোনা করছেন, এমন যুবক-যুবতীদের জন্য মাসিক অনুদানের পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। অর্থাৎ, কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে এই ভাতা পাওয়া যাবে না। পাশাপাশি, স্বনিযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও প্রকল্পের আওতায় আসবেন না।

আরও পড়ুন: সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ও ‘দিমাগী নকশাল’দের নিশানা মোদীর

পরিবার ও অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে কী শর্ত?

একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন সদস্য ‘ভরসা’ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এ ছাড়া, রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প কিংবা ‘অন্নপূর্ণা যোজনা’র মতো আর্থিক সহায়তা প্রকল্পের উপভোক্তারা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাঁরা মানবিক পেনশনের মতো অন্য ভাতা পেলেও ‘ভরসা’ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

ভোটার তালিকায় নাম থাকা নিয়েও নির্দিষ্ট শর্ত রেখেছে সরকার। ২০২৬ সালের এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। তবে যাঁদের নাম নিয়ে এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। একই ভাবে, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র অধীনে যাঁদের আবেদন এখনও বিবেচনাধীন, তাঁদেরও আবেদন করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুসলিম অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সীমান্তে নজরদারি বাড়াতে পুলিশ-বিএসএফকে বার্তা

কীভাবে হবে আবেদন ও তথ্য যাচাই?

আবেদন গ্রহণ এবং যাচাইয়ের জন্য রাজ্য সরকারের ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচিকে কাজে লাগানো হবে। প্রশাসনিক সূত্রে খবর, আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া তথ্য ও নথি খতিয়ে দেখা হবে। বৈধ আবেদনকারীদের তথ্য ‘ভরসা’ প্রকল্পের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে নথিভুক্ত করা হবে।

শুধু জমা দেওয়া নথির ভিত্তিতে ভাতা মঞ্জুর করা হবে না। আবেদনকারীরা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করছেন কি না, তা সরেজমিনে যাচাই করবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। সমীক্ষার ভিত্তিতেই যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হবে।

কোন পরিস্থিতিতে বন্ধ হতে পারে ভাতা?

প্রকল্পের সুবিধা যাতে কোনও অযোগ্য ব্যক্তি না পান, সে জন্যও কড়া নিয়ে রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল তথ্যের ভিত্তিতে কোনও অযোগ্য ব্যক্তির নামে বাতা মঞ্জুর হয়ে গেলে তা বাতিল করা হতে পারে। আবার ভাতা পাওয়ার পর কোনও উপভোক্তা চাকরি পেলে বা স্বনিযুক্তির সঙ্গে যুক্ত হলে সে আর এই প্রকল্পের সুবিধা পাবে না। সে ক্ষেত্রে আর্থিক সহায়তা স্থগিত কিংবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হব।

তবে ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য জানানোর সুযোগ পাবেন। প্রশাসনের তরফে তাঁর কাছে কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখযা দিতে না পারলে তবেই ভাতা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, আর্থিক সহায়তা চালু রাখা থেকে শুরু করে তা বন্ধ করা-প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া মেনেই পদক্ষেপ করা হবে।

দেখুন: