• facebook
  • twitter
  • youtube
Wednesday, 25 November, 2026

মুসলিম অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সীমান্তে নজরদারি বাড়াতে পুলিশ-বিএসএফকে বার্তা

বুধবার কোচবিহারে রাসমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে এই নির্দেশ দেন। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে পুলিশ এ বিএসএফের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী

মুসলিম অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সীমান্তে নজরদারি বাড়াতে পুলিশ-বিএসএফকে বার্তা

Image: IANS

বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহারে রাসমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে এই নির্দেশ দেন। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে পুলিশ এ বিএসএফের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়ক। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদের দেন শুভেন্দু। কোচবিহারকে ‘গ্রাম থেকে নগর, নগর থেকে মহানগর’ করে তোলার লক্ষ্যও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের, ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশ দখলের’ দাবি

এরপর সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আসা  মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। অন্য দিকে, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। পুলিশ সুপারকে উদ্দেশ করে তাঁর নির্দেশ, ‘এই জেলাতে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বার করতে হবে।‘

সীমান্তে বেআইনি কার্যকলাপ বন্ধে বিএসএফ ও পুলিশকে একযোগে কাজ করার বার্তা দেন শুভেন্দু। তাঁর দাবি, বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে। সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হলে চোরাচালান বন্ধ করতে হবে। অবৈধ মাদ্রাসা, গাঁজার চাষ, জালনোট ও মাদক পাচার রুখতেও পুলিশকে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: কলকাতা পুরভোট নিয়ে জট কাটল না, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

অনুষ্ঠানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত ‘দুর্গাবাহিনী’কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৩০টি স্কুটার। মহিলাদের উপর হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘যদি আমার একটি দিদি-বোন-কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে’।

গোহত্যা নিষিদ্ধ করতে বিন আনার ঘোষণার প্রসঙ্গও তোলেন শুভেন্দু। পুলিশকে ১৯৫৯ সালের ‘ক্যাটল অ্যাক্ট’ মেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ দিন ২০২৫ সালের ৫ আগস্ট খাগড়াবাড়ি চৌপথিতে তাঁর কনভয়ে হামলার অভিযোগ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁরি দাবি, সে দিন তাঁর গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল এবং ঘটনার ছবি তাঁর কাছে রয়েছে। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘উন্নয়নও হবে, হিসাবও হবে’।

দেখুন: