কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন ? পেন্ডুলামের মতো দুলতে থাকা এই প্রশ্নের উত্তর পেতে হয়তো রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার ফুটবলপ্রেমীদের। কিন্তু, তার আগে বাঙালির আবেগের বড় ম্যাচ ঘিরে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। রবিবার বাংলার সব রাজপথ মিশে যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই উত্তেজনা থেকে বাদ যায়নি চির-প্রতিদ্বন্দ্বী দুই দল। একদিকে, ডার্বি জিতলেই ইতিহাস গড়বে ইস্টবেঙ্গল। দীর্ঘ ২২ বছর পর ফের একবার জাতীয় পর্যায়ে খেতাব জিতবে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, ডার্বি থেকে গুরুত্বপূর্ণ তিনপয়েন্ট তুলে নিতে পারলে দ্বিতীয়বারের জন্য খেতাব পেতে পারে মোহনবাগান সুপার জায়ান্টও।
বড় ম্যাচে নামার আগে হিসেব কিছুটা সোজা ইস্টবেঙ্গলের জন্য। ডার্বি ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় বেশ খানিকটা এগিয়ে যাবে তারা। তবে, সেক্ষেত্রে শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারাতেই হবে অস্কার ব্রুজোর দলকে। যদিও ড্র নয়, মর্যাদার বড় ম্যাচ থেকে তিনপয়েন্ট তুলে নিতে মরিয়া লাল-হলুদ কোচ। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ জানান, মোহনবাগান বড় দল। দলে অনেক তারকা ফুটবলার রয়েছে। স্বাভাবিকভাবেই তাই রবিবারের ডার্বিতে মোহনবাগানকে ফেভারিট বলেই মনে করছেন তিনি। তবে, অস্কার আত্মবিশ্বাসী নির্ধারক এই ডার্বিতে তাঁর দলের খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে পারবে।
Advertisement
বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় খেতাবের দৌড়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। এজন্য কি বড় ম্যাচে একটু হলেও চাপে থাকবে লাল-হলুদ ব্রিগেড ? তা মানতে একেবারেই রাজি নন অস্কার। তাঁর স্পষ্ট বক্তব্য, মরসুমের শুরুতে তাঁদের প্রথম লক্ষ্য ছিল টপ সিক্স। সেটা পূরণ হয়েছে। এখন, ইস্টবেঙ্গলের সামনে দুটি লক্ষ্য রয়েছে। আইএসএল খেতাব জিততে পারলে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারবে তারা। ফলে, এটাকে চাপ নয়, বরং একটা স্বপ্ন হিসেবে দেখতে চান তিনি।
Advertisement
অপরদিকে, খেতাব জয়ের স্বপ্নে বিভোর মোহনবাগান সুপার জায়ান্টও। রবিবারের ডার্বিকে ‘ফাইনাল’ আখ্যা দিয়ে সবুজ-মেরুন কোচ সার্জিও লোবেরোর বক্তব্য, আগামীকালের ম্যাচ তাঁর দলের কাছে একটা ফাইনাল। এদিন তিনি বলেন, এই ধরনের ম্যাচ খেলার জন্যই ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়া। একইসঙ্গে সবুজ-মেরুন কোচ মনে করছেন, সমর্থক, খেলোয়াড় সবার জন্যই এটাই সেরা মঞ্চ। বিশেষ করে যখন ডার্বি ম্যাচ নির্ণায়কের ভূমিকা পালন করে।
প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সমন্ধে বলতে গিয়ে লোবেরো জানান, ইস্টবেঙ্গল নিঃসন্দেহে এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দল। তবে তার প্রমান যে লাল-হলুদ ব্রিগেডকে কাগজে-কলমে নয়, মাঠে নেমে দিতে হবে, সেকথা জানাতেও ভুললেন না বাগান কোচ। পাশাপাশি, রবিবারসরীয় ডার্বির আগে দলের স্ট্রাইকারদের সাম্প্রতিক গোলখরা নিয়েও বিশেষ ভাবতে চান না তিনি। বরং, এই ম্যাচে ভালো ফলাফল করার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। এদিন লোবেরো বলেন, দলে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। ম্যাচের ফলাফলে তাঁরা বিশেষ প্রভাব ফেলতে পারেন বলেই মনে করছেন তিনি। তবে অতীত পরিসংখ্যান নিয়ে বিশেষ ভাবতে রাজি নন লোবেরো।
এদিকে, ডার্বি ম্যাচের আগে দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে অনুশীলনে হাজির হয়েছিলেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত। ডার্বিতে ভালো ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। খেলোয়াড়দের তাতাতে বড় ম্যাচের আগে দুই দলের বেশকিছু সমর্থকও শনিবার মাঠে উপস্থিত হয়েছিলেন।
Advertisement



