বিশ্বকাপ ফাইনালের আগে প্রকৃতিই বাধ সাধল দুই ফাইনালিস্টের প্রস্তুতিতে। দুই শিবিরে দু’রকম চিত্র তুলে ধরল। একদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে নেমে পড়লেন লিওনেল মেসি ও তাঁর আর্জেন্টিনা সতীর্থরা। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কারণে শেষ মুহূর্তের অনুশীলনই বাতিল করতে বাধ্য হল স্পেন।
নিউ জার্সিতে শনিবার বিকেলে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস ছিল। সেই কারণে আর্জেন্টিনার অনুশীলন প্রায় ৪৫ মিনিট দেরিতে শুরু হয়। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই মেসিদের মাঠে নামিয়ে দেন কোচ লিওনেল স্কালোনি। বৃষ্টির মধ্যেই বল নিয়ে অনুশীলন করেন আর্জেন্টিনার ফুটবলাররা। অনুশীলনে মেসিকে পুরোপুরি স্বাভাবিক দেখানোয় তাঁর ফিটনেস নিয়েও স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে।
শনিবার বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের শেষ অনুশীলন বাতিল করে দিতে হয় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কারণে। লুই দে লা ফুয়েন্তের দলের নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল। প্রথমে অনুশীলন সাময়িকভাবে স্থগিত রাখা হলেও পরে সেটি সম্পূর্ণ বাতিল করা হয়।
অন্যদিকে, সেখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে মরিসটাউনে প্রতিপক্ষ আর্জেন্টিনা ৪৫ মিনিট দেরিতে হলেও শেষ পর্যন্ত অনুশীলন করতে পারে। শনিবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি জানান, শহরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘এই বিপজ্জনক আবহাওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেবেন না’।
স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের ঝড়-সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনে নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে স্পেন জাতীয় দলের অনুশীলন স্থগিত রাখা হয়েছে। ফুটবলাররা আপাতত ইনডোরে ওয়ার্ম-আপ সেশন করছেন’।

মার্কিন নিরাপত্তা বিধি অনুযায়ী, কোনও স্টেডিয়াম বা অনুশীলন কেন্দ্রের আট মাইলের মধ্যে বজ্রপাত বা বৈদ্যুতিক সক্রিয়তা ধরা পড়লে বাইরের সব ধরনের কার্যকলাপ স্থগিত রাখতে হয়। এছাড়া, শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত আর কোনো বজ্রপাত না হলে তবেই অনুশীলন বা খেলা ফের শুরু করা যায়।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানায়, শনিবার স্পেনের জন্য অনুশীলনের কোনো বিকল্প সময়সূচি রাখা সম্ভব হয়নি। উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশ ঢেকে যাওয়ায় স্থানীয় প্রশাসন বায়ুদূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।
আর্জেন্টিনা শিবিরে অবশ্য স্বস্তির আরও একটি কারণ রয়েছে। সেমিফাইনালের পর মেসির শারীরিক অবস্থা নিয়ে যে সামান্য সংশয় তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গিয়েছে। বৃষ্টিভেজা অনুশীলনে অধিনায়ককে সতীর্থদের সঙ্গে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দেই দেখা যায়। ফাইনালে তাঁর খেলা নিয়ে কার্যত আর কোনও প্রশ্ন নেই।
রবিবার (ভারতীয় সময়ে সোমবার রাত ১২.৩০-এ) নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। আর সেই মহারণের আগে বৃষ্টিকে সঙ্গী করেই শেষ প্রস্তুতি সেরে নিলেন মেসিরা। কিন্তু রবিবার ফাইনালেও যদি এমনই ঝড়-বৃষ্টি শুরু হয়, তখন কী হবে, সেটাই প্রশ্ন। এ বারের বিশ্বকাপেই প্রবল ঝড়-বৃষ্টির কারণে, একাধিক ম্যাচ দেরিতে শুরু করতে হয়েছে। ফাইনালেও প্রকৃতি বাধ সাধে কি না, সেটাই দেখার।




