• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন কাইফ

২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলার পর দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিস খেলা ধরে ফেলেন। তাদের জুটিতে ৫১ বলে ৯৭ রান ওঠে।

একটা হার। আর তাতেই কার্যত বেসামাল ভারতীয় দল। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বিরাট ব্যবধানে হারের ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেনি ভারত। তার উপর বিভিন্ন সিদ্ধান্তের জন্য চূড়ান্ত সমালোচনার মুখে অধিনায়ক সূর্যকুমার যাদব। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর মতে, সাত থেকে পনেরো ওভারের মধ্যে সেদিন ম্যাচ হেরে যায় ভারত। আর এজন্য, দলের অন্যতম ভরসা যশপ্রীত বুমরাকে ঠিকমতো ব্যবহার করতে না পারাকেই দায়ী করেছেন তিনি। এরপরেই ক্ষুব্ধ কাইফ জানিয়ে দেন, রোহিত শর্মা অধিনায়ক থাকলে এভাবে কখনোই বুমরাকে ব্যবহার করতেন না।

প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটারের মতে, পাওয়ার প্লে’তে আগেই বুমরাকে দিয়ে দু’ওভার বল করিয়ে ফেলা হয়েছিল। সেইসময়, কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটনের উইকেট পান তিনি। কিন্তু, ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলার পর দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিস খেলা ধরে ফেলেন। তাদের জুটিতে ৫১ বলে ৯৭ রান ওঠে। ঐসময়েই ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল বলে মত কাইফের। একইসঙ্গে তিনি মনে করছেন, সাত থেকে পনেরো ওভারের মধ্যে যদি বুমরাকে একটিও ওভার দেওয়া যেত তাহলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। কাইফের মতে, ভারতীয় দলে বুমরার চেয়ে বড় ম্যাচ উইনার আর কেউ নেই। তাই, পাওয়ার প্লে’তে তারকা এই পেসারকে একটা ওভার কম বল করানো যেত বলেই মত কাইফের।

Advertisement

এদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে পেসার অর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাসকার। তার বদলে অক্ষর প্যাটেলকে দলে দেখতে চান তিনি। আসলে, জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁহাতি ব্যাটসম্যান নেই। তাই, অর্শদীপ সিংয়ের জায়গায় অক্ষরকে খেলানোর কথা বলেছেন গাভাসকার। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই স্পিনার অলরাউন্ডারকে না খেলানোয় ক্ষোভ প্রকাশ করেছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানেও। তিনি বলেছিলেন, অক্ষরকে না খেলানোয় তিনি রীতিমতো অবাক। যদিও, সেইসময় একপ্রকার সাফাই দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Advertisement

তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, দলের ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement