• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বিশ্বকাপের আগেই অবসর এনডোর, বড় ধাক্কা জাপানের

আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা করলেন দলের অধিনায়ক ওয়াটারু এনডো।

বিশ্বকাপের আগেই অবসর এনডোর, বড় ধাক্কা জাপানের

বিশ্বকাপ শুরুর দিনই বড় ধাক্কা খেল জাপান। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা করলেন দলের অধিনায়ক ওয়াটারু এনডো। ফলে প্রথম ম্যাচের মাত্র তিন দিন আগে নতুন অধিনায়ক বেছে নিতে হবে এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটিকে।

লিভারপুলের ৩৩ বছর বয়সি মিডফিল্ডার গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান। অস্ত্রোপচারের পর রিহ্যাব চললেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এনডো। তা সত্ত্বেও বিশ্বকাপ দলে তাঁকে রাখা হয়। শুধু তাই নয়, অধিনায়কত্বের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়। মনে করা হয়ে ছিল, টুর্নামেন্ট শুরুর আগেই হয়তো তিনি ফিট হয়ে উঠবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে চিকিৎসকরা জানিয়েছেন, চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপে খেললে তা আরও জটিল আকার ধারণ করতে পারে।

ফুটবলকে বিদায় জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন এনডো। জানিয়েছেন, বিশ্বকাপ মিস করায় তিনি হতাশ হলেও সতীর্থদের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তও ঘোষণা করেন তিনি।

এই প্রসঙ্গে বলা যায়, ইতিমধ্যেই চোটের জন্য জাপানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার কাওরু মিতোমা এবং তাকুমি মিনামিনোও বিশ্বকাপের বাইরে। তার উপর অধিনায়কের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আগামী ১৫ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তার আগে যোগ্য নেতৃত্ব খুঁজে নেওয়াই এখন প্রধান কাজ তাদের।