• facebook
  • twitter
  • youtube
Saturday, 11 July, 2026

বিশ্বকাপ ফেরত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত, কবে, কোথায় হবে এই ম্যাচগুলি, জেনে নিন

এর আগে ভারত ও নিউজিল্যান্ড ফুটবলে দু'বার মুখোমুখি হয়েছে। ১৯৮১-তে মালয়েশিয়ার মারডেকা টুর্নামেন্টে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর পর ২০১৮-য় মুম্বইয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে নিউজিল্যান্ড ২-১-এ হারায় ভারতকে।

বিশ্বকাপ ফেরত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত, কবে, কোথায় হবে এই ম্যাচগুলি, জেনে নিন

Photo: X

বিশ্বকাপ ফুটবলের আসর থেকে ফেরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ বার খেলবে ভারতীয় ফুটবল দল। এই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত। আগামী নভেম্বরে এই সফরে যাবে তারা। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে এই খবর।
প্রায় ২১ বছর পর ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের কোনো সদস্য দেশে খেলতে যাচ্ছে ভারতীয় দল। এর আগে, ২০০৫-এ ভারত খেলেছিল ফিজির বিরুদ্ধে। তার পরে সেই মহাদেশের আর কোনো দেশের মুখোমুখি হয়নি ভারত।

ভারতীয় ফুটবল দলের এই সফর আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের একটি অংশ হতে চলেছে। দুই দেশের মধ্যে ‘খেলাধুলার মাধ্যমে ঐক্যের ১০০ বছর’ পূর্ণ হচ্ছে এ বছর। সেই উপলক্ষে একাধিক খেলাধুলার আসর বসবে দুই দেশে। তারই অন্যতম অংশ এই ফুটবল সিরিজ।

নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে এবং পরের ম্যাচটি হবে ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চে ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে।

এর আগে ভারত ও নিউজিল্যান্ড ফুটবলে দু’বার মুখোমুখি হয়েছে। ১৯৮১-তে মালয়েশিয়ার মারডেকা টুর্নামেন্টে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর পর ২০১৮-য় মুম্বইয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে নিউজিল্যান্ড ২-১-এ হারায় ভারতকে।

সম্প্রতি নিউজিল্যান্ড বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিল। সেখানে তারা ইরানের বিরুদ্ধে ড্র করে এবং মিশর ও বেলজিয়ামের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল এক বিবৃতিতে বলেন, “সর্বোচ্চ স্তরে নিয়মিত অংশ নেওয়া দলের বিরুদ্ধে খেলতে পারা সবসময়ই ইতিবাচক অভিজ্ঞতা। নিউজিল্যান্ড একটি সুসংগঠিত দল, যারা সম্প্রতি ফিফা বিশ্বকাপে খেলেছে। তাদের মাঠে গিয়ে খেলা আমাদের ফুটবলারদের জন্য অত্যন্ত মূল্যবান চ্যালেঞ্জ হতে চলেছে। আমরা এই ম্যাচ দুটির অপেক্ষায় রয়েছি।”