• facebook
  • twitter
Sunday, 22 February, 2026

স্মৃতির নজিরের দিনে সিরিজ জয় ভারতের

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা খারাপ করেনি অস্ট্রেলিয়াও। রেণুকা ঠাকুরের প্রথম ওভারেই ১৮ রান তোলে তারা।

ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার মাটিতে ফের সিরিজ জয় ভারতের। শনিবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা। এদিন, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে, ভারতের জন্য শুরুটা খুব একটা ভালো হয়নি। শুরুতেই ওপেনার শেফালী বর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখানে থেকে দলের হাল ধরেন স্মৃতি মান্ধানা এবং জেমাইমা রডরিগেজ। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১২১ রান তোলে। এদিন খেলার শুরু থেকে বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন স্মৃতি । শেষপর্যন্ত, ৫৫ বলে ৮২ রান করে আউট হন তিনি। মেরেছেন আটটি চার এবং তিনটি ছয়। এরফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিনটি ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মান্ধানা। অন্যদিকে, ৪৬ বলে ৫৯ রান করেন জেমাইমা। তিনি চারটি চার মেরেছেন। চারনম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১৮ রান করেন রিচা ঘোষ। বাকি ব্যাটসম্যানরা অবশ্য এই ম্যাচে তেমন রান পাননি।

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা খারাপ করেনি অস্ট্রেলিয়াও। রেণুকা ঠাকুরের প্রথম ওভারেই ১৮ রান তোলে তারা। তবে, দ্বিতীয় ওভারের শুরুতেই ৬ রানের মাথায় বেথ মুনিকে তুলে নেন শ্রেয়াঙ্কা পাটিল। প্রাথমিক এই ধাক্কা সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শেষদিকে একটা লড়াই করার চেষ্টা করেছিলেন অ্যাশলে গার্ডনার। যদিও, ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট
হারিয়ে ১৫৯ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের শ্রেয়াঙ্কা এবং শ্রীচরণী তিনটি করে
উইকেট নিয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement