লন্ডনের পর এ বার উত্তরপ্রদেশের মিরাটে যাওয়ার পথেও বাধার মুখে পড়লেন সিজেপি নেতা সৌরভ দাস। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে মিরাট যাওয়ার পথে তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তারক্ষীরা উত্তরপ্রদেশের সীমানায় তাঁকে বাধা দেন বলে সমাজমাধ্যমে দাবি করেছেন সিজেপি নেতা।
এক্স-এ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন, সংবিধান দিবসে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে তিনি মিরাট যাচ্ছিলেন। কিন্তু রাজ্যের সীমানায় তাঁকে আটকে দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাঁর প্রশ্ন, উত্তরপ্রদেশে আজ বাবাসাহেবের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কি অপরাধ?
I was on my way to Meerut to pay homage to Babasaheb Ambedkar ji’s statue on Constitution Day. But I am stopped at the border and being disallowed. Is offering flowers to Babasaheb a crime in UP today? क्या यूपी में बाबासाहेब जी के मूर्ति को माला चढ़ाना आज एक अपराध हे? मैं इसका विरोध करता हूँ।
— Saurav Das (@SauravDassss) November 26, 2026
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন। উত্তরপ্রদেশে আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে কেন সৌরভকে আটকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Why Saurav has been stopped from paying tribute to Babasaheb Ambedkar in UP?
— Abhijeet Dipke (@abhijeet_dipke) November 26, 2026
উল্লেখ্য, বৃহস্পতিবারই দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।
আরও পড়ুন: লন্ডনযাত্রায় বাধা দেওয়ার পর এবার ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস
মামলার শুনানিতে কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা বিচারপতি অমিত মহাজনের একক বেঞ্চে জানান, সৌরভের পাসপোর্টে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রের আইনজীবীর দাবি, পাসপোর্টের ওই অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে। এই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে বলে আদালতে জানানো হয়।
অন্যদিকে, সৌরভের হয়ে আদালতে উপস্থিত প্রবীণ আইনজীবী অখিল সিব্বল জানান, তাঁর মক্কেলকে লুকআউট নোটিসের বিষয়ে কিছুই জানানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর লন্ডনগামী বিমান ধরার কথা ছিল। এর আগে বুধবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন: সংবিধান দিবসে বিরোধীদের নিশানা শুভেন্দুর, জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে আক্রমণ
সৌরভের আইনজীবীর বক্তব্য ছিল, নির্ধারিত সময়ে শুনানি না হলে মামলাটি কার্যত গুরুত্বহীন হয়ে পড়তে পারে। কারণ, ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হলেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও লিখিত নির্দেশ বা লুকআউট দেখানো হয়নি। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বুধবার জরুরি শুনানির আবেদন খারিজ করে বৃহস্পতিবার মামলাটি শোনার কথা জানান।
এর আগে বুধবার বিদেশ মন্ত্রক জানিয়েছিল, সৌরভের জন্মস্থান সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা চেয়ে ২৩ নভেম্বর চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছে। সেই নোটিসের পরেই তাঁর পাসপোর্টের তথ্য নিয়ে বিতর্ক তৈরি হয়।
দেখুন:




