• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

ব্রেবোর্ন ছেড়ে ওয়াংখেড়েতে স্মৃতি-হরমনপ্রীতরা, ডব্লিউপিএলের ভেন্যু বদল বিসিসিআইয়ের

মহিলাদের প্রিমিয়ার লিগকে আরও জনপ্রিয় করে তুলতে বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরদের ম্যাচ

ব্রেবোর্ন ছেড়ে ওয়াংখেড়েতে স্মৃতি-হরমনপ্রীতরা, ডব্লিউপিএলের ভেন্যু বদল বিসিসিআইয়ের

মহিলাদের প্রিমিয়ার লিগকে আরও জনপ্রিয় করে তুলতে বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরদের ম্যাচ এবার আর ব্রেবোর্ন স্টেডিয়ামে নয়, খেলা হবে মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এতদিন এই প্রতিযোগিতার ম্যাচগুলি মূলত তুলনায় কম পরিচিত মাঠে আয়োজন করা হত। এবার আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মঞ্চে ডব্লিউপিএল আয়োজনের সিদ্ধান্ত নিল বোর্ড।

চলতি মাসের শুরুতেই মহিলাদের প্রিমিয়ার লিগের পঞ্চম সংস্করণের সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। ১৪ জানুয়ারি বরোদায় উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি হবে প্রাক্তন চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

এবারের প্রতিযোগিতার ম্যাচ হবে দুটি শহরে। প্রথম পর্বের ১১টি ম্যাচ আয়োজিত হবে বরোদায়। এই পর্ব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ জানুয়ারি থেকে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হবে মুম্বইয়ে। সেখানেও হবে ১১টি ম্যাচ। এলিমিনেটর এবং ফাইনালও আয়োজন করা হবে মুম্বইয়ে। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রাথমিক সূচি অনুযায়ী, মুম্বই পর্বের ম্যাচগুলি ব্রেবোর্ন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার বোর্ডসূত্রে জানা গিয়েছে, ভেন্যু বদলে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সব ম্যাচ। এর পিছনে রয়েছে আগামী বছরের মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমবারের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ভারত। মুম্বই ও বরোদায় হবে টুর্নামেন্টের ম্যাচ।

মহিলাদের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে ব্রেবোর্ন স্টেডিয়াম প্রস্তুত রাখতে হবে। আইসিসির অনুরোধেই ডব্লিউপিএলের মুম্বই পর্বের ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই। ফলে ওয়াংখেড়েতে এবার ১১টি ম্যাচ আয়োজন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, আগামী দিনে মহিলাদের প্রিমিয়ার লিগে দলের সংখ্যা বাড়ানো-সহ প্রতিযোগিতার বিভিন্ন দিক উন্নত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। ওয়াংখেড়ের মতো বড় মঞ্চে ম্যাচ আয়োজন সেই প্রসারের ভাবনারই অংশ কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।