• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়, তবু পুরস্কারমূল্য নয়! অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কী বললেন বিসিসিআই সচিব?

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়। তাও আবার প্রায় অসম্ভব জায়গা থেকে ম্যাচে প্রত্যাবর্তন। এমন রুদ্ধশ্বাস জয়ের পর ভারতীয় তরুণ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়, তবু পুরস্কারমূল্য নয়! অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কী বললেন বিসিসিআই সচিব?

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়। তাও আবার প্রায় অসম্ভব জায়গা থেকে ম্যাচে প্রত্যাবর্তন। এমন রুদ্ধশ্বাস জয়ের পর ভারতীয় তরুণ ক্রিকেটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সেই উদ্‌যাপন ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা না করার কারণ জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর স্পষ্ট বক্তব্য, এই বয়সে ক্রিকেটারদের আর্থিক পুরস্কারের কথা না ভেবে খেলায় মন দেওয়া উচিত।

বড় কোনও প্রতিযোগিতা জিতলে ভারতীয় ক্রিকেট দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে থাকে বিসিসিআই। কিন্তু শনিবার পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলেও তরুণ ক্রিকেটারদের জন্য তেমন কোনও ঘোষণা করেনি বোর্ড। কেন এই সিদ্ধান্ত? এক সংবাদমাধ্যমকে সাইকিয়া জানান, এখনই আর্থিক পুরস্কারের দিকে নজর দেওয়া উচিত নয় ক্রিকেটারদের।

তাঁর কথায়, “ওরা এখন অনেক ছোট। তাই প্রাইজ মানি বা আর্থিক লাভের বিষয়গুলো দয়া করে ওদের মাথায় ঢোকাবেন না। এই মুহূর্তে ওদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট। অর্থ উপার্জন বা পুরস্কার পাওয়ার জন্য গোটা জীবন পড়ে রয়েছে। কিন্তু আজকের এই অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর আত্মবিশ্বাস ভবিষ্যতে কেরিয়ার গড়তে ওদের অনেক সাহায্য করবে।”

উল্লেখ্য, শনিবার ওমানে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত অসম্ভবকে সম্ভব করেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল ভারত। শেষ ৫১ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৬ রান। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ৮ রান। হাতে মাত্র এক উইকেট। শেষ বলে দরকার ছিল তিন রান। আহমেদ হুসেনের বল লং অফের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে ভারতকে এক উইকেটে জয় এনে দেন মোহিত। স্বাভাবিকভাবেই এমন জয়ের পর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি তরুণ ক্রিকেটাররা।

তবে সেই উদ্‌যাপনই এখন বিতর্কের কেন্দ্রে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োয় পাকিস্তানের ড্রেসিংরুমের দিকে অঙ্গভঙ্গি করতে এবং প্রতিপক্ষ ক্রিকেটারদের সামনে আগ্রাসী আচরণ করতে দেখা গিয়েছে ভারতের কয়েকজন ক্রিকেটারকে। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে বোর্ডের আর্থিক পুরস্কার ঘোষণা না করাকে ঘিরেও প্রশ্ন উঠছে। ক্রিকেটমহলের একাংশের অনুমান, বিতর্কিত উদ্‌যাপনের কারণেই কি পুরস্কার থেকে বঞ্চিত হলেন তরুণ ক্রিকেটাররা? যদিও দেবজিৎ সাইকিয়ার বক্তব্যে আর্থিক পুরস্কার না দেওয়ার কারণ হিসেবে ক্রিকেটারদের বয়স ও খেলায় মনোযোগ দেওয়ার বিষয়টিই উঠে এসেছে।