• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর জম্মু-কাশ্মীর

কর্ণাটক দলে কে এল রাহুল, মায়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, দেবদত্ত পাড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণর মতো ভারতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অসাধারণ দক্ষতাই শেষ কথা বলে। তারই উদাহরণ হিসেবে রঞ্জি ট্রফির ক্রিকেটের ফাইনালে জম্মু-কাশ্মীরের সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে। কেউ ভাবতেই পারেননি, জম্মু-কাশ্মীরের মতো একটা ক্রিকেট দল প্রথমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার পরে খেতাব জয়ের লক্ষ্যে কীভাবে পৌঁছতে হয়। দু’বারের চ্যাম্পিয়ন কর্ণাটককে প্রায় কোণঠাসা করে দিয়ে যেভাবে প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর পাহাড়প্রমাণ রান করল, তা তো একটা ইতিহাস। সেই পাহাড়কে টপকাতে গিয়ে কর্ণাটক দল অর্ধেক পথে হোঁচট খেল।

কর্ণাটক দলে কে এল রাহুল, মায়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, দেবদত্ত পাড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণর মতো ভারতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন। তাঁরাও কিন্তু সেইভাবে দাগ কাটতে পারলেন না ফাইনাল ম্যাচে। জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে ৫৯৪ রান করে। জম্মু-কাশ্মীরের শুভম পুণ্ডির ১২১ রান করেন আর অধিনায়ক পরশ ডোগরা ৭০ রানের ইংনিস খেলেন। পাশাপাশি, আবদুল সামাদ ৬১ রান করেন এবং কানহাইয়া ওয়াধাওয়ান ৭০ রান করেন। সাহিল লোটরা ৭২ রান করে দলের স্কোরবোর্ডকে উজ্জ্বল করেছেন। এমনকি যুদ্ধবীর সিং ৩০ রানের ইনিংস খেলেছেন। কিন্তু তার জবাবে কর্ণাটক ২৯৩ রান করে। একমাত্র মায়াঙ্ক আগরওয়াল ১৬০ রান করে কর্ণাটককে ভদ্রস্থ করেছেন।

Advertisement

সেখানে জম্মু-কাশ্মীরের সেরা বোলার আকিব নবি একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর বৃহস্পতিবার চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে। কামরান ইকবাল ৯৪ রানে নটআউট রয়েছেন। স্বাভাবিকভাবে জম্মু-কাশ্মীর এই ইনিংসে ৪৭৭ রানে এগিয়ে রয়েছেন। বোঝাই যাচ্ছে, ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হবে। যার ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জম্মু-কাশ্মীর রঞ্জি ট্রফির খেতাব জিতে নেবে।

Advertisement

যখন ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় ব্যস্ত, ঠিক তারই মাঝে রঞ্জি ট্রফি জয়ের হাতছানি জম্মু-কাশ্মীরের সামনে। তাই সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, জাতীয় স্তরের ক্রিকেটে নতুন একটা দলের আবির্ভাব ঘটল। অন্যদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা এখন থেকেই বলতে শুরু করেছেন, ভারতীয় দলে কাশ্মীরের সেরা বোলার আকিব নবিকে এখনই অন্তর্ভুক্ত করা হোক।

Advertisement