কলকাতা ফুটবল লিগের জন্য মোহনবাগান সুপারজায়ান্টের ফুচবলাররা বুধবার থেকে অনুশীলনে নেমে পড়লেন। প্রথম দিনেই ১৯ জন ফুটবলার অনুশীলনে নামলেন। কোচ বাস্তব রায় সকলের সঙ্গে পরিচিত হওয়ার পরে প্রায় ২ ঘণ্টা খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে মেতেছিলেন। প্রত্যেকেই বেশ অনুশীলনে জোর দিলেন। সবার মুখেই একটা কথা শোনা গেল, এবারের কলকাতা ফুটবল লিগে সবুজ-মেরুন ব্রিগেড অন্য ভাবনায় মাঠে নামবে। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ থেকে প্রথম দিনেই অনুশীলনে এলেন দীপেন্দু বিশ্বাস।
অনুশীলন শেষে কোচ বাস্তব রায় স্পষ্ট জানিয়ে দিলেন, এবারের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই হবে। দলে যেমন তরুণ ফুটবলাররা রয়েছেন, তেমনই আবার আইএসএল ফুটবল খেলা খেলোয়াড়রাও দলকে সমৃদ্ধ করবেন। প্রতিটি ম্যাচ আমাদের কাছে চ্যালেঞ্জ। যে কোনও অঙ্কে ম্যাচ ছিনিয়ে নিতে হবে প্রতিপক্ষ দলের সঙ্গে লড়াই করে। আমরা প্রতিটি ম্যাচ ভালো খেলার চেষ্টা করব। কিন্তু আইএফএকেও অত্যন্ত স্বচ্ছভাবে লটারি করতে হবে।
গত বছর আইএফএ যেভাবে লটারি করেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। আন্তর্জাতিক থেকে জাতীয় স্তরে যে কোনও প্রতিযোগিতায় লটারি যেভাবে আয়োজন করা হয়, তা করা হয়নি গত বছর ফুটবল লিগ শুরু হওয়ার আগে। স্টেজের বাইরে দু’জন আসবেন, দুটো ক্লাবের পাতা নিয়ে আর অতিথিরা সেই প্লেট থেকে একটা পাতা তুলে নিয়ে বলবেন এই ক্লাব খেলবে এর বিরুদ্ধে। এটা কখনওই স্বচ্ছতার পরিচয় দেয় না। সবার সামনেই লটারি করতে হবে। তাহলেই স্বচ্ছতা বলে যে কথাটা বলা হয়, তা প্রমাণিত হবে। আশা করব, এবারের কলকাতা ফুটবল লিগের আগে আইএফএ অবশ্যই স্বচ্ছতার সঙ্গে লটারি করবে।
অভিজ্ঞ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, ‘আমি আইএসএল লিগ-শিল্ড পেয়েছি। কিন্তু কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে নাম লেখাতে পারিনি। এবারে সেই সুযোগটা এসেছে। আমি চাই সেরা খেলা খেলে খেতাব জয়ের লক্ষ্যে পৌঁছবো। আমাদের দলে এবারে বেশকিছু উদীয়মান ফুটবলার রয়েছে। তাই সবার মধ্যে সমন্বয় গড়ে তুলে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হতে চাই।’




