এ যেন এক অন্য রকম প্রত্যাবর্তনের গল্প। লিখলেন ৩৫ বছরের বাঁহাতি ব্যাটার হরপ্রীত। দোহায়, রাইজিং স্টার এশিয়া কাপে, মঙ্গলবার। এক সময় ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। সেই দেশের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি। ভারতের ‘এ’ দলের বিরুদ্ধে ১৪৪ বলে ১৩০ রানের ইনিংস খেললেন হরপ্রীত। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও চারটি ছয়। তাঁর ব্যাটেই ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি।
এ দিন হরপ্রীতের শতরান ছিল শুধুই একটি ক্রিকেটীয় মাইলফলক নয়, ছিল আবেগের মুহূর্তও। এক সময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়েও মাঠে নেমেছেন। মোট ন’টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: করণ-অভিষেকের ব্যাটে ছয়ের বৃষ্টি, উত্তরপ্রদেশকে ৯৩ রানে উড়িয়ে সুপার লিগের দৌড়ে বাংলা
কিন্তু ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে জায়গা করে নিতে পারেননি। চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরশাহির নাগরিকত্ব পাওয়ার পরে সে দেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়। এ বছর এপ্রিলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
ভারতীয় বোলারদের বিরুদ্ধে
সেঞ্চুরি করার পরে নিজের আবেগের কথা লুকিয়ে রাখতে পারেননি সেই হরপ্রীত। জানিয়েছেন, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে রান করার একটা আলাদা তাগিদ ছিল তাঁর। হরপ্রীত বলেন, ‘বড় দলের বিরুদ্ধে রান করার একটা বাড়তি প্রেরণা সব সময়ই থাকে। ভারত খুব ভাল দল। তাদের বিরুদ্ধে রান করতে পেরে আমি খুশি।’
এর পরেই নিজের শতরানের পিছনে থাকা বিশেষ অনুভূতির কথা জানান হরপ্রীত। বলেন, “আজ সকালে আমার মনে হচ্ছিল, আজ গুরু নানক জয়ন্তী। আমার মনে একটা অনুভূতি হয়েছিল যে, আজ আমি সেঞ্চুরি করব। অনেক দিন পরে গুরু নানক জয়ন্তীর দিনে শতরান এল। সবাইকে গুরুপরবের শুভেচ্ছা জানাতে চাই।’
আরও পড়ুন: ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তোলার ভারতীয়-আর্জি খারিজ আইসিসি-র
ভারতের পেসার হর্ষিত রানার বিরুদ্ধে বিশেষ আক্রমণাত্মক ছিলেন হরপ্রীত। তাঁর বলে পর পর দু’টি ছক্কাও মারেন। তার মধ্যে একটি ছক্কা মেরেই নিজের সপ্তম লিস্ট এ শতরান পূর্ণ করেন তিনি। এত দিন লিস্ট এ ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ছিল ১২১। এ দিন সেই নজিরও ভেঙে দিলেন।
পাকিস্তানের কাছে হারের পরে ভারতের ‘এ’ দলের কাছে এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার এড়িয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকাই লক্ষ্য ছিল তিলক বর্মার দলের। সেই লক্ষ্যে নেমে এদিন টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামেন তিলক বর্মারা। আমিরশাহি শেষ পর্যন্ত ২৪৯ রান তোলে আট উইকেট হারিয়ে। ভারত এই রান তুলে নেয় মাত্র ১৪.২ ওভারে। বৈভব সূর্যবংশী একাই ২০৪ রান তোলেন ৫৩ বলে। সাতটা ছয় ও ২৮টি চার হাঁকান তিনি।
তবে এ এক অন্য লড়াইয়ের গল্প। হরপ্রীতের ইনিংসের মধ্যেই লুকিয়ে ছিল এক ক্রিকেটারের দীর্ঘ লড়াই, স্বপ্নভঙ্গ এবং নতুন করে নিজেকে প্রমাণ করার গল্প। যে দেশের হয়ে এক দিন খেলার স্বপ্ন দেখেছিলেন, সেই দেশের বিরুদ্ধেই শতরান করে এ দিন নিজের ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন তিনি।
দেখুন:




