• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

করণ-অভিষেকের ব্যাটে ছয়ের বৃষ্টি, উত্তরপ্রদেশকে ৯৩ রানে উড়িয়ে সুপার লিগের দৌড়ে বাংলা

টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা অভিষেক পোড়েল ফের নিজের জাত চেনান। ৩৯ বলে ৬৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয়

করণ-অভিষেকের ব্যাটে ছয়ের বৃষ্টি, উত্তরপ্রদেশকে ৯৩ রানে উড়িয়ে সুপার লিগের দৌড়ে বাংলা

Image: X

বৃষ্টির জন্য নয়, মাঠের স্যাঁতসেঁতে ভাবের কারণে খেলা শুরু হতে দেরি। তাই দু’দলকেই নামতে হয় ১৫ ওভারের ম্যাচে। কিন্তু কম ওভারের সেই লড়াইয়েই ব্যাট হাতে ঝড় তোলে বাংলা। অভিষেক পোড়েলের আরও একটি অর্ধশতরান, সঙ্গে করণ লালের বিধ্বংসী অপরাজিত ৮২। দুই ব্যাটারের দাপটে উত্তরপ্রদেশের সামনে ২০২ রানের লক্ষ্য রাখে বাংলা। জবাবে উত্তরপ্রদেশের ইনিংস তারা থামিয়ে দেয় ১০৮ রানে। ৯৩ রানের বড় জয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলা।

মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মাঠে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন বাংলার ক্রিকেটাররা। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা অভিষেক পোড়েল ফের নিজের জাত চেনান। ৩৯ বলে ৬৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয়।

২০ বলে হাফ সেঞ্চুরি করণের

তবে ম্যাচের রং বদলে দেন করণ লাল। মাত্র ২৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও আটটি ছয়ে সাজানো সেই ইনিংসের স্ট্রাইক রেট ২৮২.৭৫। তৃতীয় উইকেটে অভিষেকের সঙ্গে মাত্র ৪৫ বলে ১০৮ রান যোগ করেন করণ। অভিষেক যশ দয়ালের বলে আউট হলেও করণের ঝড় থামেনি।

আরও পড়ুন: ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তোলার ভারতীয়-আর্জি খারিজ আইসিসি-র

মাত্র ২০ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন করণ। ভুবনেশ্বর কুমারের বলে ছয় মেরে পঞ্চাশে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত সাতটি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত থাকেন। ভুবনেশ্বরের দিনটিও একেবারেই ভাল যায়নি। নিজের দ্বিতীয় ওভারেই ৩০ রান দেন তিনি। তিন ওভারে মোট ৫৫ রান খরচ করেন উত্তরপ্রদেশের অভিজ্ঞ পেসার। নিউজিল্যান্ড সফর থেকে সদ্য ফেরা কুলদীপ যাদবও তিন ওভারে ৪১ রান দেন। যদিও তিনি অভিমন্যু ঈশ্বরণকে আউট করেন।
১৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা।

প্রদীপ্তর স্পিনে শেষ উত্তরপ্রদেশ

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় উত্তরপ্রদেশ। মুকেশ কুমারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন দিব্যাংশ যোশী। তার পরে প্রদীপ্ত প্রামাণিক ও অখিলেশ যাদবের বাঁহাতি স্পিনে আরও চাপে পড়ে যায় প্রতিপক্ষ। প্রদীপ্ত তিনটি উইকেট নেন মাত্র ১৫ রান দিয়ে। অখিলেশের ঝুলিতে দু’টি উইকেট, খরচ হয় ২৭ রান।

আরও পড়ুন: ‘ভারতীয় দলে জেতার বিশ্বাসই দেখিনি’– নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র মেনে নেওয়ায় ক্ষুব্ধ অশ্বিন, কাঠগড়ায় গিলের সিদ্ধান্ত

একটার পর একটা উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের স্কোর দাঁড়ায় ৬১ রানে পাঁচ উইকেট। প্রয়োজনীয় রান তোলার গতি ক্রমশ বাড়তে থাকায় ম্যাচে ফেরার সুযোগও হারায় তারা। প্রদীপ্তর চার উইকেট পাওয়ার সুযোগ অবশ্য নষ্ট হয়। ভুবনেশ্বরের সহজ ক্যাচ লং-অনে ফেলে দেন পরিবর্ত ফিল্ডার আরাধ্য যাদব।

শেষ পর্যন্ত ১৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৮ রানেই থামে উত্তরপ্রদেশ। করণ শর্মা করেন ২৭ রান। বাংলার এই জয়ে সুপার লিগে ওঠার আশা আরও জোরাল হল। অন্য দিকে, পরের পর্বে যাওয়ার লড়াইয়ে উত্তরপ্রদেশের সামনে এখন কঠিন অঙ্ক।

*স্কোর:* বাংলা ১৫ ওভারে ২০১/৩ (অভিষেক পোড়েল ৬৯, করণ লাল ৮২ অপরাজিত)। উত্তরপ্রদেশ ১৫ ওভারে ১০৮/৭ (করণ শর্মা ২৭, প্রদীপ্ত প্রামাণিক ৩/১৫)। বাংলা জয়ী ৯৩ রানে। পয়েন্ট: বাংলা ১৬ (৪), উত্তরপ্রদেশ ১২ (০)।

দেখুন: