আজ আইএসএলে ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। পঞ্চম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্স। এখনও পর্যন্ত এবারের আইএসএলে একটিও ম্যাচ জেতেনি তারা। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে নামার আগে ধারে-ভারে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল।
যদিও, ম্যাচের আগেরদিন তা একেবারেই মানতে রাজি নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বরং, তাঁর স্পষ্ট বক্তব্য আইএসএলে কোনো ম্যাচই সহজ নয়। শুরুটা কেরালার জন্য ভালো না হলেও তারা ইতিমধ্যেই তিনজন নতুন বিদেশি খেলোয়াড় সই করিয়েছে। অস্কারের মতে, ইস্টবেঙ্গল ম্যাচ থেকেই হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দক্ষিণী এই দলটি। আর সেজন্য, এই ম্যাচটা তাদের জন্য বেশ কঠিন হতে চলেছে বলে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ।
Advertisement
এদিকে, শেষ দুটি ম্যাচে লাল-হলুদের মাঝমাঠ একদমই নজর কাড়তে ব্যর্থ। বিশেষত ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরাকে প্রতিপক্ষ আটকে দেওয়ায় মাঝমাঠ থেকে কোনোরকম খেলাই তৈরি হয়নি। যার ফল ভুগতে হয়েছে দলকে। বিষয়টি অস্কারেরও নজর এড়ায়নি। তবে, এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকার পাশেই দাঁড়াচ্ছেন লাল-হলুদ কোচ। তাঁর মতে, মিগুয়েল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু, শেষদুটি ম্যাচে তাঁকে অনেকটাই অনেক নিচে নেমে খেলতে হওয়ায় প্রতিপক্ষের জন্য তাঁকে মার্ক করা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। আর সেজন্য সম্ভবত এই ম্যাচে মিগুয়েলকে একটু অন্যভাবে ব্যবহার করতে চলেছেন তিনি।
Advertisement
অন্যদিকে, কেরল ম্যাচের দলে হয়তো কিছু বদল আনতে পারেন অস্কার। শুত্রুবার শেষ মুহূর্তের অনুশীলনে যা ইঙ্গিত তাতে হয়তো আজ শুরু থেকে খেলতে পারেন পি ভি বিষ্ণু। সেক্ষেত্রে, তাঁকে হয়তো লেফট ব্যাকে খেলতে দেখা যাবে। পাশাপাশি, দুই উইংয়ে থাকবেন মহেশ ও বিপিন। তবে, ফিট হয়ে উঠলেও সউল ক্রেসপো যে শুরু থেকে খেলবেন না, তা বলাই বাহুল্য। দ্বিতীয়ার্ধে তাঁকে হয়তো পরিবর্ত হিসাবে কিছু সময়ের জন্য মাঠে নামাতে পারেন লাল-হলুদ কোচ। কিন্তু, চোটের জন্য এই ম্যাচে ইস্টবেঙ্গল পাচ্ছে না ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সজবার্গকে।
বৃহস্পতিবারের পর শুত্রুবারও মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না তিনি। এছাড়াও, এখনও পুরোপুরি ফিট নন ডিফেন্ডার কেভিন সিবিলে। ফিফা ব্রেকের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভবনাও ক্রমশ কমছে। যদিও, এ গুলোকে অজুহাত হিসেবে দেখতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ। বরং, একাধিক সুযোগ তৈরী করেও কাঙ্খিত ফলাফল না পাওয়ায় যথেষ্ট হতাশ তিনি। কেরালার বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না অস্কার। বদলে, প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নেওয়াই বর্তমানে ইস্টবেঙ্গল কোচের একমাত্র লক্ষ্য।
এদিকে প্রথম দু’ম্যাচে সহজ জয় তুলে নেওয়ার পর প্রিয় দলের এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হতাশ লাল-হলুদ সমর্থকরা। যদিও, বিষয়টি একেবারেই মানতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ। বরং তাঁর স্পষ্ট জবাব, সমর্থকরা দলের পাশে আছে। কেরালা বিরুদ্ধে নামার আগে অস্কারের স্পষ্ট জবাব, যে কোনও পরিস্থিতিতেই সমর্থকরা সবসময় দলের পাশে থাকে। এরপরেই কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি জানান, ক্লাবের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা দলের অগ্রগতি বা উন্নতি চায় না। তাঁরা শুধু প্রচারের আশায় সমস্যার সময় সামনে আসে।
অস্কার বলেন, খেলোয়াড়দের ওপর একটা চাপ থাকে। যে কোনও পরিস্থিতিতে তাঁদের অনেক দায়িত্ব নিতে হয়। যা সহজ নয় বলেই মনে করছেন লাল-হলুদ কোচ। এরপরেই সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, দলকে সমর্থন করুন। এদিন অস্কার স্পষ্ট বলেন, তিনি এখানে রাতারাতি কিছু বদলে দিতে আসেননি। লাল-হলুদ কোচ মনে করছেন, বিগত বছরগুলোতে অন্তর্বর্তী কিছু সমস্যার জন্য বারবার ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে। কোচ হিসেবে সেটাকে আটকানোকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন অস্কার।
কোচের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। জানিয়েছেন, ক্লাব সবসময় কোচের পাশে আছে। তিনি মনে করছেন, অস্কারের হাত ধরেই ইস্টবেঙ্গল দলের উন্নতি সম্ভব। তবে, কোচকে তিনি অনুরোধ করেছেন এমন কিছু করতে না যেটা সমর্থকদের আঘাত করে। পাশাপাশি, কোচের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে বোর্ড মিটিং ডাকার কথাও বলেছেন লাল-হলুদ শীর্ষকর্তা। তবে অস্কারের উপর যে তাদের পুরোপুরি আস্থা রয়েছে, সেকথা জানাতেও ভোলেননি তিনি।
Advertisement



