টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর দেশে ফিরতে পারছেন না হ্যারি ব্রুক ও জস বাটলারের ইংল্যান্ড ক্রিকেট দল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য মুম্বাইয়ে আটকে রয়েছেন তাঁরা।নিরাপত্তার কারণে দুবাই বা দোহা হয়ে লন্ডন ফিরতে পারছে না ইংল্যান্ড। গত বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের কাছে হারার পর দু’দিন কেটে গেলেও মুম্বাইয়েই রয়েছেন ব্রুকরা। বিকল্প পথে ইংল্যান্ড দলের ফেরার ব্যবস্থা এখনও করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা। দলকে দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থা করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা যোগাযোগ রাখছেন আইসিসির সঙ্গে। উল্লেখ্য, সেমিফাইনালে হারের পর শুক্রবার লন্ডনের বিমান ধরার পরিকল্পনা ছিল ইংল্যান্ড দলের।
২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল ক্রিকেট। বাটলার ছাড়াও ফিল সল্ট, জ্যাকব বেথেল, জফ্রা আর্চাররা বিভিন্ন দলের হয়ে খেলবেন। কয়েক দিন পর তাঁদের আবার ভারতে আসতে হবে। তাই দ্রুত দেশে ফিরতে চাইছেন তাঁরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের মাঝের কয়েক দিন পরিবারের সঙ্গে থাকতে চাইছেন ক্রিকেটাররা।জ়িম্বাবোয়ে দল আটকে ছিল দিল্লিতে। কয়েক দিন অপেক্ষার পর গত বুধবার থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে জ়িম্বাবোয়ের ক্রিকেটাররা বিকল্প পথে দেশে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার কয়েক জন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন। অন্যরা বৃহস্পতিবার থেকে কলকাতায় আটকে রয়েছেন।
Advertisement
গত সোমবার থেকে আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ও। ড্যারেন স্যামি, শাই হোপদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও তাঁদের যাওয়ার দিন চূড়ান্ত হয়নি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই বা দোহা হয়ে এই মুহূর্তে ফেরা যাচ্ছে না। প্রায় সব দলের জন্যই বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে আইসিসি কর্তাদের। আটকে থাকা ক্রিকেটাররা বেশ চিন্তিত। দুধের স্বাদ ঘোলে মেটাতে মোবাইলে কথা বলতে হচ্ছে পরিজনদের সঙ্গে। না হয় ভিডিও কলে ব্যস্ত থাকা ছাড়া অন্য কোনও পথ নেই।
Advertisement
Advertisement



